পাবনায় নৌকাডুবি, পাঁচ স্কুলছাত্রী নিখোঁজ
পাবনা সদর উপজেলায় পদ্মা নদীতে গতকাল সোমবার নৌকা ডুবে পাঁচ স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। তাদের বাড়ি উপজেলার ভাদুরডাঙ্গি গ্রামে।
নিখোঁজ ছাত্রীরা হলো দুলু খাতুন (১২), শারমীন আক্তার (১৩), ময়না খাতুন (১৩), চম্পা খাতুন (১৩) ও রহিমা খাতুন (১০)। এরা সবাই ভাদুরডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। উপবৃত্তির টাকা আনতে একই উপজেলার কোলচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল।
শিক্ষার্থীদের বহনকারী নৌকার মাঝি নীরব উদ্দিন প্রথম আলোকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে তিনি ১১ স্কুলশিক্ষার্থীকে নিয়ে পদ্মা নদী দিয়ে কোলচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন। মাঝ নদীতে হঠাৎ বাতাসে বড় ঢেউ উঠলে নৌকাটি উল্টে ডুবে যায়। এ সময় এলাকাবাসী ছুটে এসে ছয় শিক্ষার্থীকে উদ্ধার করে। কিন্তু অন্যদের আর খুঁজে পাওয়া যায়নি।
নিখোঁজ দুলু খাতুনের বাবা তজু সরদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সহালে মিয়েডা মেলা খুশি নিয়ে বাড়িতথেন বাইর হইছিল। আমাক কইছিল টাহা নিয়ে আসলি ঈদির জন্যি জামা কিনে দেওয়া লাগবি। পদ্মা আমার মায়াডাক খায়া ফেলাল।’
সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার বলেন, ‘পাবনায় ডুবুরি না থাকায় রাজশাহী থেকে ডুবুরিদের আসতে একটু দেরি হয়েছে। সন্ধ্যা পৌনে ছয়টা থেকে আটজন ডুবুরি উদ্ধার তৎপরতা শুরু করেছেন।