পাবনায় পাঁচ দিনব্যাপী স্বাধীনতা উৎসব শুরু
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যা থেকে পাবনায় পাঁচ দিনব্যাপী স্বাধীনতা উৎসব শুরু হয়েছে। শহরের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করেছে স্বাধীনতা দিবস উদ্যাপন পরিষদ।
শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা পর্বে পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফরুকের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, বিশেষ অতিথি জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আইনজীবী তসলিম হাসান, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস ও জেলা যুবলীগের সভাপতি শরিফ উদ্দিন প্রধান।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এখনো ঐক্যবদ্ধ আছে। ফলে দেশে কোথাও হরতাল-অবরোধ পালিত হচ্ছে না। স্বাধীনতাবিরোধীদের রক্ষা ও দুর্নীতিবাজ ছেলেকে মামলা থেকে বাঁচাতে খালেদা জিয়া দেশের মানুষের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছেন। কিন্তু বাংলার মানুষ তাঁকে প্রত্যাখ্যান করেছে।
আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী রফিকুল ইসলাম ও আবিদা সুলতানা।
উৎসবে প্রতিদিন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি জেলার মুক্তিযুদ্ধ, শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য গুণীজন সম্মাননা প্রদান করা হচ্ছে। উদ্বোধনী দিনে স্বাধীনতাসংগ্রামে অসামান্য অবদান রাখায় শহীদ মুক্তিযোদ্ধা আবুল মহসিন বেগ মুকু (মরণোত্তর) ও শহীদ মুক্তিযোদ্ধা ছানাউল্লাহ (মরণোত্তর) এবং শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অধ্যাপক শিবজিত নাগকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।