পাবনায় বনমালী শিল্পকলা কেন্দ্রের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিকায়নের পর গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে পাবনার ঐতিহ্যবাহী বনমালী শিল্পকলা কেন্দ্র। প্রায় পাঁচ বছর ধরে এর উন্নয়নকাজ চলে।
এ উপলক্ষে সন্ধ্যা সাড়ে ছয়টায় আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বনমালী শিল্পকলা কেন্দ্রের সভাপতি ও স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী। বক্তব্য দেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, দুর্নীতি দমন কমিশনের কমিশনার শাহাবুদ্দিন চুপ্পু, পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক, জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন ও পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ।
আলোচনা শেষে পাবনা, ঢাকা, কলকাতার শিল্পীদের পরিবেশনায় নৃত্য ও গান পরিবেশন করা হয়। গান পরিবেশন করেন কলকাতার শিল্পী শ্রেয়া গুহ ঠাকুর, ঢাকার মনির খান, শ্যামল রহমান ও বাউলিয়ানা।
১৯২৪ সালে পাবনার জমিদার বনমালী রায়ের দুই ছেলে ক্ষীতিশ রায় ও রাধিকা রায় এই বনমালী মঞ্চ প্রতিষ্ঠা করেন। তখন এর নামকরণ করা হয়েছিল বনমালী রঙ্গমঞ্চ। পরে নাম পরিবর্তন করে করা হয় বনমালী ইনস্টিটিউশন। দীর্ঘদিন পর ২০০৯ সালে সরকারি সহযোগিতায় মঞ্চটির উন্নয়নকাজ শুরু হয়। তৈরি করা হয় একটি বড় মিলনায়তন। ২০১৩ সালের ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় থেকে শুরু হয় এর আধুনিকীকরণের কাজ। পাবনার কিছু গুণী মানুষের সহযোগিতায় কেন্দ্রটিকে আধুনিক রূপ দেওয়া হয়। মঞ্চ ও মিলনায়তনটিকে সাজানো হয় আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করে। এতে ব্যয় হয় প্রায় সাড়ে চার কোটি টাকা। একই সঙ্গে এর নাম পরিবর্তন করে করা হয় বনমালী শিল্পকলা কেন্দ্র।