পাবনায় মানুষ দেখলেই ভয় পায় শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলায় ছয় বছরের এক শিশু গত ৫ জানুয়ারি ধর্ষণের শিকার হয়েছে। এরপর থেকে চলছে তার চিকিৎসা। কিন্তু এখনো ভয় তাড়া করে বেড়াচ্ছে শিশুটিকে। দুই মাস ধরে স্কুলে যাওয়া বন্ধ। এদিকে অভিযুক্ত কিশোরকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলার এজাহার দেখে ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শিশুটির বাবা দরিদ্র দিনমজুর। ঘটনার দিন বিকেলে তিনি প্রতিদিনের মতো কাজে বাড়ির বাইরে ছিলেন। আর শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় স্থানীয় এক কিশোর শিশুটিকে ধর্ষণ করে। এ সময় শিশুটি জ্ঞান হারালে তাকে ফেলে রেখে সে পালিয়ে যায়। প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে পাঁচ দিন চিকিৎসা দেওয়া হয়। কিন্তু শিশুটির মধ্যে কিছু মানসিক সমস্যা দেখা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে গত ২৯ ফেব্রুয়ারি বাড়িতে ফিরে আসে।
গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, গ্রামের বাজারে শিশুটিকে কোলে নিয়ে বসে আছেন তার মা। মানুষ দেখলেই শিশুটি মায়ের আঁচলে মুখ লুকাচ্ছে। মুখে ফুটে উঠছে এক আতঙ্কের ছাপ।
শিশুটির মা বলেন, ঘটনার পর থেকেই তাঁর মেয়ে মানুষ দেখলে ভয় পাচ্ছে। প্রতিদিন তার শরীরে জ্বর থাকে। রাতে ঘুমাতে পারছে না। একটু ঘুমালে হঠাৎ জেগে উঠে চিৎকার করছে। মাঝে মাঝে ভুল বকছে। স্কুলে যাওয়ার কথা বললে চুপ করে থাকে। কথা বলতে চায় না। প্রায় দুই মাস ধরে তিনি মেয়েকে চিকিৎসা করিয়েছেন। কিন্তু সে সুস্থ হচ্ছে না। ঢাকার চিকিৎসকেরা তাকে চিকিৎসাপত্র দিয়েছেন। সেই অনুযায়ী ওষুধ দেওয়া হচ্ছে। আবার তিন মাস পর যেতে বলেছেন।
শিশুটির বাবা বলেন, তিনি দরিদ্র। মেয়েকে নিয়ে তাঁদের দুশ্চিন্তা যাচ্ছে না। চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে। ঘটনার পর তাঁর স্ত্রী বাদী হয়ে একটি মামলা করেছেন। কিন্তু পুলিশ আসামিকে গ্রেপ্তার করছে না। সব মিলিয়ে তিনি মানসিকভাবে অসহায় বোধ করছেন। এ অবস্থায় কী করা উচিত ভেবে পাচ্ছেন না।
গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার পর থেকে বহুবার অভিযুক্ত কিশোরকে গ্রামে দেখা গেছে। তবে পুলিশ এলে সে পালিয়ে যায়।
শিশুটির স্কুলের শিক্ষকেরা বলেন, শিশুটি পড়ালেখায় বেশ ভালো। কিন্তু ঘটনার পর থেকে সে স্কুলে আসছে না। বিষয়টি তাঁদের ব্যথিত করছে। তাঁরা এ ঘটনার বিচার চান।
এ প্রসঙ্গে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হাসান বলেন, মামলার পর থেকে আসামি পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মেডিকেল প্রতিবেদন পেলেই তাঁরা আদালতে অভিযোগপত্র জমা দেবেন।