পাবনায় যুবলীগ নেতাকে হত্যা, সিলেটে রগ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় সন্ত্রাসীরা কুপিয়ে যুবলীগের এক নেতাকে হত্যা করেছে। সিলেটে যুবলীগের এক নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে তাঁর হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। জামায়াত-শিবিরের কর্মীরা তাঁর রগ কেটে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। যশোরে গুলিবিদ্ধ আওয়ামী লীগ নেতা গতকাল বুধবার মারা গেছেন।

আমাদের প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, সিলেট এবং পাবনা ও যশোর অফিসের পাঠানো খবর:

পাবনা: প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, পাবনা জেলা জজ আদালতের পাশে কাচারি পাড়া মহল্লার সাহারা ক্লাব মোড়ে গতকাল দুপুরে যুবলীগের সদর থানা কমিটির সদস্য গেদা বাবুকে (৩৮) প্রতিপক্ষের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। তাঁর বাড়ি পাবনা পৌর সদরের মণ্ডলপাড়ায়। ঘটনার সময় পুলিশ ফাঁকা গুলি ছোড়ে এবং ধাওয়া করে রক্তমাখা অস্ত্রসহ পাঁচ ব্যক্তিকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন সুমন হোসেন (৩০), সাগর (২৮), বিপুল হোসেন (৩০), রুবেল (৩০) ও রনি হোসেন (৩০)। তাঁদের সবার বাড়ি পৌর সদরের বাংলাবাজার এলাকায়।

পুলিশ ও গেদার পরিবার সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের র‌্যালিতে ইমন হোসেন নামে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়। ওই মামলার আসামিদের গতকাল আদালতে হাজিরার দিন ছিল। সকাল ১০টার দিকে গেদা বাবুর নেতৃত্বে আসামিরাসহ কয়েকজন আদালতে যান। আসামিদের সাতজনকে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। দুপুর ১২টার দিকে অন্যদের নিয়ে গেদা বাবু বাড়ি ফিরছিলেন।

সূত্র আরও জানায়, ফেরার পথে ৮-১০ জন যুবক গেদা বাবুকে ধরে এলোপাতাড়ি কোপাতে থাকেন। দূরে থাকা একদল পুলিশ সদস্য বিষয়টি দেখে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে এগিয়ে আসেন। এ সময় যুবকেরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে পাঁচজনকে আটক করে পুলিশ। গেদা বাবুকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি হানিফুল ইসলাম বলেন, ইমন হত্যাকাণ্ড নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছিল বলে মনে হচ্ছে। এর জের ধরেই গেদা বাবুকে হত্যা করা হতে পারে। এখনো কেউ মামলা করতে থানায় আসেনি।

যশোর: যশোরে গত মঙ্গলবার রাতে গুলিবিদ্ধ আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম গতকাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি দলের যশোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর টায়ার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি।

নজরুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মালিক সমিতির নেতা-কর্মীরা দোকানপাট বন্ধ করে গতকাল সকাল ১০টায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন। এ সময় টায়ার জ্বালিয়ে তাঁরা বিক্ষোভ দেখান। তাঁরা খুনিদের গ্রেপ্তার দাবি করেন। পুলিশের আশ্বাসে দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।

সমিতির সহসভাপতি কাওছার আহমেদ বলেন, খুনিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। বৃহস্পতিবারের মধ্যে খুনিদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

নজরুল গত মঙ্গলবার সন্ধ্যার পর মনিহার এলাকায় তাঁর পুরোনো ব্যবসাপ্রতিষ্ঠান ‘আকাশ টায়ার হাউসে’ বসে ছিলেন। ওই সময় তিনটি মোটরসাইকেলে একদল সন্ত্রাসী এসে তাঁকে লক্ষ্য করে বোমা ও গুলি ছুড়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত তিনটার দিকে তিনি মারা যান।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, নজরুল হত্যায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন সেলিম পলাশ (৩০), রনি (২২), হূদয় (২৩), সুমন (২৪), শান্ত (১৯) ও সাজ্জাত (২৩)।

সিলেট: সিলেট নগরের আখালিয়া এলাকায় মঙ্গলবার রাত ১১টার দিকে সদর উপজেলা যুবলীগের কার্যকরী কমিটির সদস্য দুলাল মিয়ার ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে তাঁর হাত-পায়ের রগ কেটে দিয়েছে ‘জামায়াত-শিবিরের কর্মীরা’। তাঁকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুলাল দাবি করেন, জামায়াত-শিবিরের কয়েকজন কর্মীকে তিনি শনাক্ত করতে পেরেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী গতকাল পুলিশ শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে।

হাসপাতালের উপপরিচালক ইহতেশামুল হক চৌধুরী জানান, দুলালের শরীরে তিন দফা অস্ত্রোপচার করা হয়। এলোপাতাড়ি কোপে তাঁর দুই হাত ও ডান পায়ের ৩৫টি স্থানে রগ কাটা পড়েছে। বুক ও পিঠে গভীর ক্ষত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আখালিয়ায় ‘ঢাকা অটো ডিলাক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ নামের নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানে বসা ছিলেন দুলাল। এ সময় পাঁচটি মোটরসাইকেলে ১০-১২ জন এসে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপায়। দুলালের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা একটি মোটরসাইকেল ও একটি মুঠোফোন ফেলে পালিয়ে যায়। ক্ষুব্ধ লোকজন মোটরসাইকেলটি পুড়িয়ে দিয়েছেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ আয়ুব বলেন, জগৎজ্যোতি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরাই এ হামলায় জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। হামলায় জড়িত সন্দেহে শিবিরের দুই কর্মীকে আটক করা হয়েছে।