পাবনায় যুবলীগের কর্মী হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩
পাবনায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জেলা আওয়ামী লীগের মিছিল থেকে যুবলীগের কর্মী ইমন হোসেনকে (২৩) ধাওয়া করে
ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
ইমনের মা ইরানী বেগম গতকাল শনিবার বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে
আসামি করে পাবনা সদর থানায় মামলা করেন। পুলিশ মামলার তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর
উপজেলার চক রামানন্দপুর গ্রামের রুমন হোসেন, পৌর সদরের মণ্ডলপাড়া মহল্লার মিরাজুল ওরফে শাহাবুল ও একই মহল্লার
রিয়াদ হোসেন।
সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম জানান, মামলাটি হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে ওই তিন আসামিকে
গ্রেপ্তার করেছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১৫ আগস্ট দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের মিছিল থেকে ইমন হোসেনকে ধাওয়া করে ছুরিকাঘাত করা
হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ইমন সদর উপজেলার দোগাছি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক
কমিটির সদস্য ছিলেন।