পাবনায় রোববার শিবিরের আধাবেলা হরতাল আহ্বান
পাবনায় পরশু রোববার আধাবেলা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের প্রতিবাদে জামায়াতের ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সহিংসতায় মহানগর শিবিরের ৮৮ নম্বর ওয়ার্ড সভাপতি খলিলুর রহমান নিহত হন। ওই ঘটনার প্রতিবাদে রোববার এ হরতাল ডাকা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের মল্লিকপাড়া নিজ গ্রামে খলিলুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে সেখানে এক শোকসভায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান ওই হরতাল কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার দেশব্যাপী নিহত খলিলুর রহমানের জন্য ছাত্রশিবিরের দোয়া দিবস পালন করা হবে।
শোকসভায় মিজানুর রহমান অভিযোগ করেন, সরকার দেশ চালাতে ব্যর্থ হয়ে ভিন্ন পথে ক্ষমতায় আসতে এখন জামায়াত ও শিবিরের নেতাদের হত্যার পথ বেছে নিয়েছে। পুলিশ পেছন থেকে গুলি করে খলিলুরকে হত্যা করেছে। এর প্রতিবাদে দুই দিনের ওই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।