পাবনায় লালন স্মরণোৎসবের সমাপনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মানুষ ভজিলে সোনার মানুষ হবি’—এ স্লোগানে গতকাল শনিবার পাবনার মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে দুই দিনব্যাপী লালন স্মরণোৎসব শেষ হয়েছে। পাবনার লালন স্মৃতি পরিষদ এ উৎসবের আয়োজন করে।
সমাপনী অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভায় লালন স্মৃতি পরিষদের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন লালন গবেষক আবদেল মান্নান, নারী শিল্পোদ্যোক্তা কবি সোহানী হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল রহিম প্রমুখ।
আবদেল মান্নান বলেন, লালন ফকিরকে বিশ্ববাসীর কাছে প্রথম উপস্থাপন করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতায় লালনের প্রতিভার প্রশংসা করেন। তারপরই বিশ্বের পণ্ডিতজনেরা লালনের গানের প্রতি আগ্রহ প্রকাশ করেন। বর্তমানে লালন ফকিরের গানের শিল্পী বাড়ছে।