পাবনার ফরিদপুর উপজেলায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় তাহেরা খাতুন (২৫) নামের এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। একই দিন বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় নূরুল ইসলাম (৩৫) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন।
ফরিদপুর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাহেরা শ্যালো ইঞ্জিনচালিত নছিমনে চড়ে স্বামীর বাড়ি ভাঙ্গুড়া থেকে বাবার বাড়ি ফরিদপুরে যাচ্ছিলেন। এ সময় তাঁকে বহনকারী নছিমনটি অপর একটি নছিমনের সঙ্গে প্রতিযোগিতা করে দ্রুতগতিতে যাওয়ার সময় সদরের কাশেমের বটতলা এলাকায় সেটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে তাহেরা গুরুতর আহত হন। এ সময় এলাকাবাসী তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত উদ্দিন জানান, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার পুলিশ জানায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পাথরবোঝাই একটি ট্রাক বেলা ১১টার দিকে ওই সড়কের কামারখন্দ উপজেলার বালুকুল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি একটি সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক নূরুল নিহত হন এবং চালকের সহকারী নাটোরের বড়াই গ্রাম উপজেলার নওদাপাড়া এলাকার মন্টু মিয়া (২৮) গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ নিহত ও আহত ব্যক্তিকে উদ্ধার করে।