পাবনায় সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার কোলাদি এলাকায় পাবনা-সুজানগর সড়কে গত শুক্রবার রাতে সিএনজিচালিত অটোরিকশা ও ইঞ্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এতে আরও ছয়জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন কোলাদি গ্রামের আবদুস সাত্তার (৫০) ও তাঁর স্ত্রী সুফিয়া খাতুন (৪৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অটোরিকশাটি ছয়জন যাত্রী নিয়ে পাবনা থেকে সুজানগর যাচ্ছিল। পথে কোলাদি এলাকায় একটি বালুবোঝাই ট্রলির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি সড়কের পাশের খালে ছিটকে পড়লে ছয় যাত্রী, চালক ও ট্রলিচালকের সহযোগী আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই দুজনকে মৃত ঘোষণা করেন। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।