পাবনায় সুচিত্রা সেনের জন্মদিন পালন
স্মরণসভা ও কেক কাটার মধ্য দিয়ে গতকাল সোমবার পাবনায় উপমহাদেশের কিংবদন্তি নায়িকা প্রয়াত সুচিত্রা সেনের জন্মদিন পালিত হয়েছে। পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
দুপুর সাড়ে ১২টার দিকে সুচিত্রা সেনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সুচিত্রা সেনের পৈতৃক বাড়িটি তালাবদ্ধ করে না রেখে সংগ্রহশালা করার দাবি জানানো হয়।
স্মরণসভায় সভাপতিত্ব করেন পাবনার সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক রাম দুলাল ভৌমিক, পাবনা টাউন গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক রবিউল করিম, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহম্মেদ উল হক, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান আব্দুল আলীম, পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক মেহের সুলতানা, পাবনা ড্রামা সার্কেলের যুগ্ম সম্পাদক সিনথিয়া রহমান প্রমুখ।
সভাপতির বক্তব্যে এম সাইদুল হক বলেন, ‘আমরা দীর্ঘদিন আন্দোলন করে মহানায়িকার বাড়ি ধর্মান্ধ জামায়াতের দখলমুক্ত করেছি। কিন্তু আন্দোলন এখনো শেষ হয়নি। যত দিন পর্যন্ত বাড়িটিতে সুচিত্রা সেনের নামে কিছু না করা হবে, তত দিন আমাদের আন্দোলন চলবে।’
সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে। এই বাড়িতেই তিনি শৈশব ও কৈশোর কাটিয়েছেন। ১৯৪৭ সালে বিয়ের পর তিনি স্বামীর সঙ্গে কলকাতায় চলে যান।