পাবনায় স্যামসন এইচ চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রার্থনা, শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে গতকাল সোমবার পাবনায় দেশের বরেণ্য শিল্পপতি স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে সদরের বৈকুণ্ঠপুর গ্রামে তাঁর সমাধিতে ফুল দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন স্যামসন চৌধুরীর সহধর্মিণী অনিতা চৌধুরী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড় ছেলে স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এইচ চৌধুরী, বড় মেয়ে স্কয়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, মেজ ছেলে স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, ছোট ছেলে স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী প্রমুখ।
‘ক্রুশের কাছে রাখ হে, যিশু নিত্য আমায়’—দুপুরে ধর্মীয় এই সংগীতের মধ্য দিয়ে শুরু হয় বিশেষ প্রার্থনা ও স্মরণসভা। এরপর প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। প্রার্থনা পরিচালনা করেন তপন চৌধুরী।
স্যামসন এইচ চৌধুরীর জন্ম ১৯২৫ সালের ২৫ সেপ্টেম্বর। ১৯৫৮ সালে মাত্র ২০ হাজার টাকা পুঁজি নিয়ে স্কয়ার ফার্মা প্রতিষ্ঠার মধ্য দিয়ে ব্যবসা শুরু করেন। এরপর স্কয়ার গ্রুপ। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।