পাবনায় স্যামসন এইচ চৌধুরীর স্মরণসভা
স্যামসান এইচ চৌধুরী একজন দেশপ্রেমিক শিল্পোদ্যোক্তা ছিলেন। তিনি নিজের কাজের পাশাপাশি দেশ ও মানুষের কথা ভাবতেন। তিনি ছিলেন মানবিক মূল্যবোধে উজ্জীবিত।
৫ জানুয়ারি দেশের বরেণ্য শিল্পপতি ও স্কয়ার গ্রুপের চেয়ারম্যান প্রয়াত স্যামসান এইচ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী ছিল। এ উপলক্ষে পাবনা প্রেসক্লাব আয়োজিত স্মরণসভায় কথাগুলো বলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ডেনিস দিলীপ দত্ত। মঙ্গলবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
শুরুতেই প্রয়াত স্যামসান এইচ চৌধুরীর আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করেন সমবেতরা। পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক বলেন, স্যামসান এইচ চৌধুরী প্রতিটি কাজ খুব আন্তরিকতার সঙ্গে করতেন। সময়কে গুরুত্ব দিতেন, কাজে লাগাতেন। ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে তিনি সারা বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।
পাবনা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন অধ্যাপক মুহাম্মদ নূরুন্নবী, প্রবীণ সাংবাদিক ও কলাম লেখক রণেশ মৈত্র প্রমুখ।