পাবনার আরও ২ কর্মকর্তা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন আরও দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এই দুই কর্মকর্তাকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। যে দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে, তাঁরা হলেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক বিজয় ভূষণ পাল ও ইমামউদ্দিন কবির। অন্যদিকে মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আবদুর রউফ এবং নাটোরের কাদিরাবাদ ক্যান্টনমেন্ট নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামকে পাবনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে একযোগে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রত্যাহার করায় পাবনার সুধী মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট রণেশ মৈত্র প্রথম আলোকে বলেন, ‘একযোগে ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রত্যাহার প্রশাসন ও রাজনৈতিক দল কারও জন্যই মঙ্গল হবে না। বিষয়টা কিছু জেদের কাছে আত্মসমর্পণ বলে মনে হচ্ছে।’ তবে জেলা আওয়ামী লীগের সহসভাপতি এম সাইদুল হক মনে করেন, ‘বদলি স্বাভাবিক ব্যাপার। আমাদের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের কোনো বিরোধ ছিল না। তবু পরিস্থিতি বিবেচনা করে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তা সময়োপযোগী বলেই আমি মনে করি।’ উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা পরীক্ষাকেন্দ্রে হামলা চালান। এর পরিপ্রেক্ষিতে ওই দিন দুপুরে জেলা প্রশাসন নিয়োগ পরীক্ষা স্থগিত করে। ঘটনায় জড়িত অভিযোগে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান, বর্তমান সভাপতি আহম্মেদ শরীফ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহির হাসানসহ ৩১ জনের নাম উল্লেখসহ শতাধিক অজ্ঞাত নেতা-কর্মীকে আসামি করে দুটি মামলা করা হয়। জেলা প্রশাসনের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বাদী হয়ে দ্রুত বিচার ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দুটি করেন।এ ঘটনার ১০ দিন পর গত সোমবার প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু পাবনা পরিদর্শনে যান। সেখানে তাঁরা সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। গত মঙ্গলবার জেলা প্রশাসক এ এফ এম মনজুর কাদির, পুলিশ সুপার জামিল আহমেদকে প্রত্যাহার করে নেওয়া হয়। এর আগের দিন সোমবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আলীমকে ভোলার মনপুরায় বদলি করা হয়। গত বুধবার এইচ টি ইমাম সাংবাদিকদের বলেন, ঘটনা নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের ব্যর্থতা ছিল। এর এক দিন পর গতকাল আরও দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হলো। যদিও বুধবারই এ প্রত্যাহার প্রস্তাব অনুমোদন করা ছিল। সংস্থাপন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পাবনার পুলিশ ও জনপ্রশাসনে কর্মরত প্রায় সব কর্মকর্তাকেই পর্যায়ক্রমে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত রয়েছে। কৌশলগত কারণে একবারেই না করে ধীরে ধীরে এ কৌশল বাস্তবায়ন করা হবে। মিশ্র প্রতিক্রিয়া: প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের রদবদলে প্রতিক্রিয়া জানিয়ে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, এ রদবদলে যদি শান্তি ফিরে আসে তাহলে ভালো। না হলে ব্যবসায়ীসহ সাধারণ জনগণ নিরাপত্তাহীন হয়ে পড়বে। পাবনায় প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের এই বদলি ও প্রত্যাহার শাস্তিমূলক বলেই মনে করেন ওয়ার্কার্স পার্টির পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন। এতে কিছু মানুষ অন্যায় কাজে উৎসাহিত হবে বলে তিনি মনে করেন। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল পাবনা শাখার সভাপতি হাবিবুর রহমান বলেন, জনগণের শান্তি নিশ্চিত করা সরকারের কাজ। এ জন্য সরকার যা করছে ভালো করছে।