মজুরি বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের দাবিতে পাবনার ঐতিহ্যবাহী ওষুধ ও খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান এডরুক লিমিটেডের শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। গতকাল শনিবার সকালে বিক্ষুব্ধ শ্রমিকেরা কাজ না করে প্রতিষ্ঠানের বাইরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।জানা গেছে, শ্রমিকেরা সকালে কাজে যোগ না দিয়ে কারখানার প্রধান প্রবেশপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় মালিক পক্ষ থেকে বিক্ষোভ থামানোর জন্য শ্রমিকদের চাপ দেওয়া হলে তাঁরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে পুলিশ ও জেলা শ্রমিক লীগের নেতারা ঘটনাস্থলে গিয়ে মালিক ও শ্রমিকদের সঙ্গে কয়েক দফা বৈঠক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, প্রতিষ্ঠানটিতে ছয় শতাধিক পুরুষ ও নারী শ্রমিক কাজ করেন, যাঁদের চাকরির মেয়াদ ১০ থেকে ১৭ বছর। দীর্ঘদিন এ প্রতিষ্ঠানে কাজ করলেও তাঁদের চাকরি স্থায়ী করা হয়নি। প্রতিদিন হাজিরা হিসেবে পুরুষশ্রমিকদের মাত্র ৫০ থেকে ৭০ টাকা এবং নারীশ্রমিকদের ৩০ থেকে ৪৫ টাকা মজুরি দেওয়া হয়। অথচ তাঁরা প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা কাজ করেন। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হলেও মজুরি বাড়ানো হয়নি, বরং বিষয়টি নিয়ে কথা বলায় অনেককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দ্রুত মজুরি বৃদ্ধি ও চাকরি স্থায়ী করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে শ্রমিকেরা জানান।এডরুক শ্রমিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল মালেক প্রথম আলোকে বলেন, ‘দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় আমরা আন্দোলনে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’জেলা শ্রমিক লীগের সভাপতি সরদার মিঠু আহম্মেদ বলেন, ‘আমরা মালিক ও শ্রমিকদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছি। মালিক পক্ষ সমস্যা সমাধানে ১০ দিন সময় চেয়েছে। মালিক পক্ষের এই আশ্বাসের ভিত্তিতে শ্রমিকেরা শান্ত হন। রোববার থেকে তাঁরা কাজে যোগ দেবেন বলেও জানিয়েছেন।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এনায়েত উদ্দিন জানান, মালিক পক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়। আগামী ১০ দিন শ্রমিকেরা আর কোনো আন্দোলন করবেন না বলে জানিয়েছেন।এ বিষয়ে এডরুক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ উদ্দিন প্রতিষ্ঠানটি আর্থিক দুরবস্থায় আছে জানিয়ে বলেন, ‘আমরা প্রতিষ্ঠানটিকে বাঁচানোর চেষ্টা করছি। প্রতিষ্ঠান বাঁচলে শ্রমিকেরা বাঁচবে। শ্রমিকদের দাবিও মানা হবে।’