পাবনা জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর নিয়োগ পরীক্ষার কেন্দ্রে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছনার ঘটনাকে অবাঞ্ছিত হিসেবে আখ্যা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে।কমিটির সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পাবনার ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বলে জানা গেছে। গতকাল সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির এ সভা শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে আবদুস সালাম বলেন, সাম্প্র্রতিক সময়ে পাবনায় যে ঘটনা ঘটেছে, তা একটি অবাঞ্ছিত ঘটনা। তবে এটি বিচ্ছিন্ন ঘটনা। ক্ষমতাসীন সরকারি দলের সঙ্গে প্রশাসনের সম্পর্ক সব সময় বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত। এটা না হলে জনগণেরই সমস্যা হবে। কমিটির পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত করতে বলা হয়েছে বলে তিনি জানান।আবদুস সালাম বলেন, কমিটির গত বৈঠক থেকেই দেশের চাঞ্চল্যকর বিভিন্ন ঘটনার তদন্তকাজ সম্পর্কে মনিটরিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় এ সভায় আটটি মামলা নিয়ে আলোচনা হয়েছে।ইব্রাহিম হত্যা মামলা নিয়ে আলোচনা করা হয়েছে কি না জানতে চাইলে কমিটির সভাপতি বলেন, ‘এখনো আমরা এ মামলা নিয়ে কোনো ধরনের আলোচনায় যাইনি। যেহেতু এটা সিআইডি তদন্ত করছে, সে কারণে আমরা এখনোই এ বিষয়ে আলোচনা করব না। পরবর্তী সময়ে প্রয়োজন হলে সিআইডিকে ডেকে আমরা বিস্তারিত আলোচনা করব।’সভায় বর্ডার গার্ড বাংলাদেশ বিল-২০১০ নিয়ে আলোচনা করা হয়। কমিটির আগামী সভায় বিলটি চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি বলেন, ‘সংসদে উত্থাপিত এ বিলটিতে আমরা ছোটখাটো কিছু অসংগতি পেয়েছি। বিলটিতে বর্ডার গার্ডের আঞ্চলিক সদর দপ্তর গঠনের যে কথা বলা হয়েছে, তার প্রয়োজনীয়তা নিয়ে কমিটি বিস্তারিত আলোচনা করবে।’ আগামী বৈঠকে বিডিআরের বর্তমান ও সাবেক মহাপরিচালককে আমন্ত্রণ জানানো হবে বলেও তিনি জানান।