পাবনার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আইজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার। গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত পুলিশের কনস্টেবল আসাদুজ্জামানকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এই নির্দেশের কথা জানান। গতকাল সকাল ১০টার দিকে আইজিপি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। তিনি হাসপাতালে আসাদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল হক মল্লিক। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, পুলিশের পেশা ঝুঁকিপূর্ণ। এর মধ্যেই পুলিশকে কাজ করতে হবে। এভাবে কাজ করতে গিয়ে কেউ আহত হলে সেটাকে ইতিবাচকভাবে দেখতে হবে। তবে কাজ করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা হাতে গোনা কয়েকটি বলে তিনি জানান। গত ১৯ সেপ্টেম্বর গুলশান-১-এ শ্যুটিং ক্লাবের কাছে ছিনতাইকারীদের গুলিতে আহত হন পুলিশ কনস্টেবল আসাদুজ্জামান (২৮)। তাঁর শরীরে দুই দফা অস্ত্রোপচার করা হয়। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক তাঁকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর পাবনা জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষার সময় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালান। এতে কর্তব্যরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আহত হন।