পাবনার ঘটনায় ২৭ আসামির জামিন
পাবনা জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগের পরীক্ষা কেন্দ্রে হামলার ঘটনায় করা দুটি মামলার একটিতে জামিন পেয়েছেন আসামিরা। গতকাল মঙ্গলবার বিকেলে বিচারিক হাকিমের আদালতে তাঁদের জামিনের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। আজ বুধবার অপর মামলাটির অভিযোগপত্রের ওপর শুনানি হবে।গত ১৭ সেপ্টেম্বর জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগের পরীক্ষা ছিল। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে পরীক্ষা ভণ্ডুল ও ভাঙচুর করেন। যার পরিপ্রেক্ষিতে ওই দিন রাতেই জেলা প্রশাসনের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বাদী হয়ে ছাত্রলীগ-যুবলীগের ৩১ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ আরও অজ্ঞাত শতাধিক নেতা-কর্মীকে আসামি করে দুটি মামলা করেন। যার একটি মামলা দ্রুত বিচার আইন এবং অপরটি সরকারি কাজে বাধাদান আইনে করা হয়। নাম উল্লেখ করা ৩১ আসামির মধ্যে চারজন এখনও পলাতক রয়েছেন।