পাবনার চাটমোহরে ১৪৪ ধারা জারি
পাবনার চাটমোহর উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। চাটমোহর পৌর সদরে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত এই ১৪৪ ধারা বলবৎ থাকবে। আজ বুধবার সন্ধ্যায় এই ঘোষণা দেওয়া হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, পৌর সদরের সবুজ সংঘে বৃহস্পতিবার সকাল দশটায় চাটমোহর উপজেলা বিএনপির সম্মেলন হওয়ার কথা ছিল। সম্মেলনকে কেন্দ্র করে আজ দুপুর থেকেই উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ কে এম আনোয়ারুল ইসলাম এবং জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও বহিষ্কৃত চাটমোহর উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলামের সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হতে থাকে। বিকেলের দিকে পরিস্থিতি আরও অস্বাভাবিক হয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। এ অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও জনগণের জানমালের নিরাপত্তার সার্থে সন্ধ্যা ৭টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম শেহেলী লায়লা পৌর সদরে ১৪৪ ধারা জারি করেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত এই ধারা বলবৎ থাকবে বলে জানিয়ে এলাকায় মাইকিং করা হয়েছে।
স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা সদরে বিএনপির এই দুই পক্ষের বিরোধ দীর্ঘদিনের। দুই পক্ষই পৃথকভাবে সব দলীয় কর্মসূচি পালন করে। এক পক্ষ সকালে মিছিল মিটিং করলে অপর পক্ষ করে বিকেলে।
এ প্রসঙ্গে জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুই পক্ষের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি ছিল এটা ঠিক। তবে বর্তমানে তা মিটিয়ে ফেলা হয়েছে। বাস্তবে কাউন্সিল অধিবেশনের প্রস্তুতি সম্পন্ন হয়নি। এ ছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জেলার বাইরে রয়েছেন। ফলে দলীয়ভাবে বুধবার সকালে কাউন্সিল স্থগিতের সিদ্ধান্ত হয়েছে।