পাবনার চিনি এখন তিতা!

চিনি নিয়ে তিক্ত অভিজ্ঞতা হচ্ছে পাবনা চিনিকলের কর্মকর্তা-কর্মচারী আর আখচাষিদের। গত তিন বছরে উৎপাদিত প্রায় সাড়ে ৪২ কোটি টাকার চিনি পড়ে আছে গুদামে। বিক্রি হচ্ছে না। অথচ কৃষকদের পাওনা সাড়ে তিন কোটি টাকার ওপর। চিনিকলের শ্রমিক-কর্মচারীদের বেতন বাকি তিন মাসের। পাওনা টাকার জন্য মিলগেটে আখচাষিদের বিক্ষোভ সমাবেশ প্রায় নিত্যদিনের দৃশ্য হয়ে উঠেছে।
আখমাড়াইয়ের মৌসুম তিন মাসের৷ বাকি নয় মাস নিষ্ক্রিয় পড়ে থাকে বিশাল এ কারখানা৷ দাবি উঠেছে উপজাত তৈরির কারখানা স্থাপন করে চিনিকলটি বছরব্যাপী কর্মমুখর রাখার৷
ঢাকা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়ায় ৬০ একর জায়গার ওপর পাবনা চিনিকলের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল ১৯৯৬ সালে। উৎপাদন শুরু হয় পরের বছর থেকে। প্রতিদিন দুই হাজার মেট্রিক টন আখমাড়াইয়ের ক্ষমতা রয়েছে এই চিনিকলের। অন্যান্য সরকারি চিনিকলের মতো পাবনা চিনিকলের নিজস্ব কোনো আখ চাষের জমি নেই। এই কল চলে পাবনার নয়টি উপজেলার চাষিদের আখের ওপর নির্ভর করে। আখের জমিতে বছরে আর অন্য কোনো ফসলের চাষ করা যায় না। আখ সারা বছরে একবারের ফসল। প্রতি বিঘায় ৩০০ থেকে ৪০০ মণ পর্যন্ত আখ উৎপন্ন হয়। বর্তমানে চিনিকলের নির্ধারিত দাম ১০০ টাকা মণ। যেহেতু অন্য ফসল হয় না, তাই সারা বছরের এই একটিমাত্র ফসলের দাম না পেয়ে চাষিরা অর্থাভাবে বড় বিপদে পড়েছেন। সে কারণে মিলের আওতাভুক্ত চাষিরা আখ চাষে আগ্রহ হারাচ্ছেন। গত মৌসুমে আখ চাষ হয়েছিল সাত হাজার ৪০০ একর জমিতে। এ বছর হয়েছে ছয় হাজার ৯০০ একরে। এভাবেই প্রতিবছর আখ চাষের জমির পরিমাণ কমছে।
এদিকে আখ চাষ কমে যাওয়ায় চিনিকলের উৎপাদনও কমে গেছে। বছরে এখন নভেম্বর থেকে জানুয়ারি—এ তিন মাস কলটি চালু থাকে। বাদবাকি নয় মাস পুরোপুরি বন্ধ।
চিনিকলটিতে গিয়ে দেখা গেল, বন্ধ কারখানার সামনে সারি দিয়ে রাখা হয়েছে আখ বহনের ট্রাক্টর আর ট্রলিগুলো। এগুলো রাখার কোনো ছাউনিও নেই। কাজকর্ম বন্ধ। বকেয়া বেতনের জন্য শ্রমিক-কর্মচারীদের কেউ কেউ এসেছেন ওয়ার্কার্স ইউনিয়ন কার্যালয়ে। ইউনিয়নের সাধারণ সম্পাদক আহমেদ ঈদ জানালেন, তাঁদের প্রায় তিন মাসের বেতন বাকি। এই দুর্মূল্যের বাজারে বেতনবিহীন অবস্থায় পরিবার-পরিজন নিয়ে শ্রমিক-কর্মচারীরা বড়ই কষ্টে রয়েছেন। তাঁর ভাষায় ‘আমরা এখন মানবেতর জীবন যাপন করতিছি।’
চাষিদের অবস্থা আরও করুণ। পাবনা জেলা আখ চাষি কল্যাণ সমিতির সভাপতি জাতীয় কৃষিপদকপ্রাপ্ত শাহজাহান আলী (পেঁপে বাদশা) প্রথম আলোকে বলেন, ‘মিলের উৎপাদিত চিনি বিক্রি করবে কি করবে না, তা সরকারি সিদ্ধান্তের বিষয়।’ তাঁর বক্তব্য, আখচাষিরা মিলের সঙ্গে চুক্তি করে ফসল উৎপাদন করেন। মিলে আখ সরবরাহ করার পর তাঁদের পাওনা পরিশোধের কথা। কিন্তু তা হচ্ছে না। সাড়ে তিন কোটি টাকার ওপর কৃষকদের পাওনা।
তিনি বলেন, ‘পাওনা পরিশোধের দাবিতে আমরা ঢাকাতেও জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছি। প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। আশ্বাস দেওয়া হয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অবিলম্বে কৃষকদের পাওনা পরিশোধ না করলে আমাদের বৃহত্তর আন্দোলনে যেতে হবে।’
চিনিকলের মহাব্যবস্থাপক রেজাউল করিম (কৃষি) ও কামরুজ্জামান (উৎপাদন) জানালেন, চিনিকলে শ্রমিক-কর্মচারী ৬৫০ জন। এ ছাড়া মাড়াইয়ের সময় মৌসুমি শ্রমিক কাজ করেন ৪৫০ জন। কলের গুদামে এখন গত তিন বছরে ১০ হাজার ৬৩০ মেট্রিক টন চিনি জমে আছে। এর দাম ৪২ কোটি ৫২ লাখ টাকা। চিনি বিক্রি হলেই কৃষকের বকেয়া সাড়ে তিন কোটি টাকাসহ
শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করে সব দায়দেনা মিটে যায়।
এ কলের চিনির মানও খুব ভালো। তাঁরা নমুনা দেখালেন। ঝরঝরে, সাদা। মিলের নির্ধারিত দাম ৪০ টাকা কেজি। আমদানি করা বিটের চিনির তুলনায় দেশি আখের চিনি বেশি মিষ্টি। পার্থক্য আমদানি করা চিনির দানা আরও মিহি এবং রং আরও সফেদ। দেশের মিলের চিনি বিকোচ্ছে না এ আমদানি করা চিনির দাপটে।
বছরের নয় মাস এ বিশাল কারখানা নিষ্ক্রিয় ফেলে না রেখে এটিকে অনায়াসে ভিন্ন উপায়ে কাজে লাগানো যায়। মহাব্যবস্থাপকদ্বয় জানালেন, চিনিকলের যে বয়লারটি রয়েছে, সেটিকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানো যায়। এতে তিন মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা যাবে। এ বিদ্যুৎ দাশুড়িয়া এলাকায় বাণিজ্যিকভাবে সরবরাহ করা যাবে। এ ছাড়া এখানে উপজাত তৈরি কারখানা যেমন: রিফাইনারি ও ডিস্টিলারি সংযোজন করা যেতে পারে। রিফাইনারিতে বাণিজ্যিক ভিত্তিতে আমদানি করা ‘র-সুগার’ পরিশোধন করা যাবে, ডিস্টিলারিতে উৎপন্ন হবে উন্নত মানের ভিনেগার এবং অন্যান্য দ্রব্যাদি। লোকবল তো বসেই থাকে, তাঁদেরও হাত গুটিয়ে থাকতে হবে না, কারখানাটিও সচল থাকবে।