পাবনার ছয় পৌরসভায় বড় দুই দলেই বিদ্রোহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রার্থী মনোনয়ন নিয়ে পাবনার সাত পৌরসভার মধ্যে ছয়টিতে আওয়ামী লীগ-বিএনপিতে বিদ্রোহ দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দল থেকে মনোনীত প্রার্থীদের বিপরীতে একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ায় বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।
তবে দুই দলের নেতারাই বলেছেন, মনোনয়নপত্র জমা দেওয়াই শেষ নয়। প্রত্যাহারের সময় সামনে আছে। এরপর কেউ দলের শৃঙ্খলা ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জেলা-উপজেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও দলীয় সূত্রে জানা যায়, পাবনা পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান। এ ছাড়া মনোনয়নপত্র জমা দিয়েছেন বিলুপ্ত জেলা কমিটির প্রচার সম্পাদক কামিল হোসেন। এই পৌরসভায় বিএনপির পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ মাসুম। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র কামরুল হাসান।
সুজানগর পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওহাব। বিদ্রোহী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মেয়র ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। স্বতস্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য আফসার আলী মোল্লা। বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি আজম আলী বিশ্বাস। বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন বিশ্বাস। এই দুই প্রার্থী সম্পর্কে চাচাতো ভাই।
ভাঙ্গুড়ায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা-৩ আসনের সাংসদ মকবুল হোসেনের ছেলে গোলাম হাসনাইন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজাদ খান। বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সভাপতি আইনজীবী মজিবর রহমান। স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌরসভাটিতে আরও মনোনয়নপত্র জমা দিয়েছেন আবদুল মালেক ও মহবুবুল আলম।
চাটমোহর পৌরসভায় আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী সাখাওয়াত হোসেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরও মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা রেজাউল করিম। বিএনপি থেকে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল মান্নান। অন্য দলগুলোর মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা জাসদের সভাপতি শেখ আবুল বাশার।
ফরিদপুর পৌরসভায় আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান মেয়র খ ম কামরুজ্জামান মাজেদ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান আলাল। বিএনপি থেকে মনোনয়ন জমা দিয়েছেন ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান পৌর বিএনপির উপদেষ্টা এনামুল করিম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি নেতা এমদাদুল হক। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরও মনোনয়নপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীর আলম ও বাবুল হোসেন।
সাঁথিয়া পৌরসভায় দলীয়ভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও বর্তমান মেয়র মিরাজুল ইসলাম প্রামাণিক। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি নফিজ উদ্দিন সরকার। বিএনপি থেকে দলীয়ভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাঁথিয়া পৌরসভায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক সম্পাদক আশিক ইকবাল। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরও মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াত সমর্থক রফিকুল ইসলাম।
জানতে চাইলে পাবনা জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রেজাউল রহিম প্রথম আলোকে বলেন, সবে তো মনোনয়নপত্র জমা হলো। এখনো প্রত্যাহারের সময় আছে। তাই এ বিষয়ে তাঁরা এখনো কিছু ভাবছেন না। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় পার হলে দলীয় প্রধান যে সিদ্ধান্ত দেবেন সে অনুযায়ী কাজ হবে।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম বলেন, বিএনপিতে কোনো বিদ্রোহী প্রার্থী নেই। কেউ মনোনয়নপত্র জমা দিয়ে থাকলে এককভাবে দিয়েছেন। এটা নিয়ে তাঁরা ভাবছেন না।