পাবনার ডালবড়ির গ্রামের সচ্ছল নারীদের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাল ও চালকুমড়া দিয়ে তৈরি করা বড়ি রোদে শুকাচ্ছেন দুই নারী। ছবিটি গত বুধবার পাবনার চাটমোহর পৌরসভার সরকারপাড়া এলাকা থেকে তুলেছেন হাসান মাহমুদ
ডাল ও চালকুমড়া দিয়ে তৈরি করা বড়ি রোদে শুকাচ্ছেন দুই নারী। ছবিটি গত বুধবার পাবনার চাটমোহর পৌরসভার সরকারপাড়া এলাকা থেকে তুলেছেন হাসান মাহমুদ

ভোরের সোনালি সূর্য তখনো উঁকি দিয়ে ওঠেনি। পৌষের শিশিরে ভেজা বৃক্ষরাজির ফাঁকফোকর দিয়ে যেখানে রোদ পড়ার সম্ভাবনা আছে, সেখানেই পসরা সাজিয়ে বসেছেন নারীরা। কেউ ডাল বাটছেন, কেউ বা বড়ি তৈরি করে শুকাতে দিচ্ছেন। প্রতিটি বাড়ির আঙিনা, টিনের চাল ও ফাঁকা জায়গা ধীরে ধীরে সেজে উঠছে ডালবড়িতে।
এ দৃশ্য পাবনার চাটমোহর পৌর এলাকার দোলং গ্রামের। এখানে প্রায় ৪০ বছর ধরে বাণিজ্যিকভাবে ডালবড়ি তৈরি হচ্ছে। তা বিক্রি করে স্বাবলম্বী হয়ে উঠেছেন গ্রামের নারীরা। এখন দোলং গ্রামের নামই হয়ে গেছে ‘ডালবড়ির গ্রাম’।
গত বুধবার সকালে সরেজমিনে কথা হয় গ্রামের অন্তত ১৫ জন নারীর সঙ্গে। ডালবড়ি তৈরি করেই তাঁরা সংসারের অভাব ঘুচিয়েছেন; নিজের চাহিদা পূরণের পাশাপাশি ছেলেমেয়েদের লেখাপড়া শিখিয়েছেন; এরপর কিছু সঞ্চয়ও করতে পারছেন।
গ্রামের প্রবীণ নারী ঊষা রানী ভৌমিক বলেন, এই গাঁয়ে তাঁর বিয়ে হয় প্রায় ৩৮ বছর আগে। তখন কেবল গ্রামের বিজয় ঘোষের স্ত্রী (নাম বলতে পারেননি কেউ) ডালবড়ি বাণিজ্যিকভাবে তৈরি করতেন। তাঁর দেখাদেখি তিনিসহ আরও দুজন এ কাজ শুরু করেন। বিজয় ঘোষ স্ত্রী-সন্তানদের নিয়ে ভারতে চলে গেছেন। কিন্তু তাঁদের দেখানো পথে বর্তমানে প্রায় ৮০টি পরিবারের নারীরা ডালবড়ি তৈরি করছেন।
ডালবড়ি তৈরি করতে তেমন কোনো উপকরণের প্রয়োজন হয় না। মাষকলাই ও অ্যাংকর ডাল দিয়ে বড়ি তৈরি হয়। চার থেকে পাঁচ ঘণ্টা ডাল ভিজিয়ে রাখার পর বেটে কাদার মতো করতে হয়। এর সঙ্গে মেশানো হয় জিরা, মৌরি ও কালোজিরা বাটা। এরপর সেই মিশ্রণ পরিষ্কার কাপড়ে জড়িয়ে নেওয়া হয়। কাপড়ের একদিকে ফুটো করে বড়ি আকারে পাত্রে বসানো হয়। সেটা রোদে শুকালেই তৈরি হয়ে যায় সুস্বাদু ডালবড়ি। প্রতি কেজি ডালবড়ি তৈরিতে ব্যয় হয় ৪৫-৫০ টাকা। পাইকারি বাজারে বিক্রি হয় ৭৫-৮০ টাকায়। ভালো মানের হলে দাম ১০০ টাকার ওপরেও ওঠে। একজন নারী প্রতিদিন গড়ে ১২-১৫ কেজি ডালবড়ি তৈরি করতে পারেন। সেই হিসাবে প্রতিদিন গড়ে আয় হয় ৩০০-৪০০ টাকা।
শীতকাল আসার আগে থেকেই ডালবড়ি তৈরির মৌসুম শুরু হয়। শীতকালে তার তোড় পড়ে যায়। সাত মাস পর্যন্ত চলে ডালবড়ি তৈরির কাজ। পুরো কাজটাই করেন নারীরা। তবে বাজারজাতকরণে বাড়ির পুরুষ সদস্যদের সহযোগিতা নিতে হয়।
মনোরমা পাল নামের এক নারী বলেন, ‘আমার মাকে ডালবড়ি বানিয়ে বেচতে দেখেছি। এখন আমি বানাচ্ছি। ডালবড়ি বেচে তিন ছেলে ও দুই মেয়েকে পড়ালেখা শিখিয়েছি।’ সাফল্যে আদরী রানী ভৌমিক আরেকটু এগিয়ে। তিনি ডালবড়ি বানিয়ে বড় মেয়েকে এইচএসসি পাস করিয়েছেন। এরপর তাঁকে বিয়েও দিয়েছেন। পাশাপাশি জমি কিনে আধা পাকা দুটি ঘর তুলেছেন। মাঠেও কিছু জমি কিনেছেন।
আগে কেবল হিন্দু সম্প্রদায়ের নারীরাই এই গ্রামে বাণিজ্যিকভাবে ডালবড়ি তৈরি করতেন। এখন অনেক মুসলমান নারীরাও এতে উৎসাহিত হয়েছেন। তাঁদের একজন আনোয়ারা খাতুন বলেন, ডালবড়ি তৈরি লাভজনক বলেই তিনি এ কাজে নেমেছেন।
দোলংয়ে তৈরি ডালবড়ি চলে যাচ্ছে ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায়। সেই তথ্য জানালেন ডালবড়ির পাইকার ব্যবসায়ী প্রদীপ কুমার ভৌমিক। তিনি এই গ্রাম থেকে ডালবড়ি কিনে ওই সব এলাকার বড় পাইকারদের কাছে বিক্রি করেন।
দোলং গ্রামের বাসিন্দা আইনজীবী গৌরচন্দ্র সরকার বলেন, রকমারি মাছের সঙ্গে তরকারি হিসেবে ডালবড়ির তুলনা নেই। তরকারিতে এই বড়ি আলাদা রসনা আনে। একটা সময় নারীরা শখ করে বড়ি বানাতেন। এখন এটা জীবিকার উৎস হয়ে গেছে। ব্যাপকভাবে বাজারজাতকরণের ব্যবস্থা করা গেলে ডালবড়ির শিল্পটি বড় আকার ধারণ করতে পারে।