পাবনার তিনটি পথে বাস চলাচল বন্ধ
সিএনজিচালিত অটোরিকশা-চালকদের সঙ্গে বিরোধের জের ধরে বুধবার দুপুর থেকে পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর পথে অনির্দিষ্টকালের জন্য বাস-মিনিবাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শ্রমিকেরা। গতকাল দুপুর থেকে ওই তিন পথে কোনো বাস-মিনিবাস চলাচল করেনি। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, বাসে যাত্রী তোলা নিয়ে মাঝেমধ্যেই সিএনজিচালিত অটোরিকশার চালকদের সঙ্গে বাস-মিনিবাস শ্রমিকদের ঝামেলা হয়। গতকাল বুধবার সকালে পাবনা থেকে চাটমোহরগামী একটি বাসে যাত্রী তোলা নিয়ে সিএনজিচালিত অটোরিকশাচালকদের সঙ্গে বাসের শ্রমিকদের কথা-কাটাকাটি ও পরে তা সংঘর্ষে রূপ নেয়। অটোরিকশার চালকেরা বাসের শ্রমিককে মারপিট করেন। ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে বাস-মিনিবাস শ্রমিকেরা জেলা প্রশাসনের কাছে বিচার দাবি করেন। দুপুরে বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হলেও ঘটনার কোনো সুরাহা হয়নি। ফলে শ্রমিকেরা অনির্দিষ্টকালের জন্য এ তিনটি পথে বাস-মিনিবাস চলাচল বন্ধ করে দেন।