পাবনার নিখোঁজ বিএনপি নেতার লাশ কুষ্টিয়ায় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদরের গয়েশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সহসভাপতি ইব্রাহীম আলী মৃধার (৪৫) লাশ কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল নয়টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা লালনশাহ সেতুসংলগ্ন ৬৮ দাগ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তাঁকে হত্যা করা হয়েছে। এদিকে, ইব্রাহীম আলী মৃধা হত্যাকাণ্ডের প্রতিবাদে পাবনা জেলা বিএনপি আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। তাঁর বড় ছেলে বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ভেড়ামারা থানায় হত্যা মামলা করেছেন। ভেড়ামারা থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, স্থানীয় লোকজন সকালে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ নয়টার দিকে লাশটি উদ্ধার করে। লাশের গলায় বেল্ট প্যাঁচানো ছিল। দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তিন সদস্যের একটি চিকিৎসক দল লাশের ময়নাতদন্ত করে।ময়নাতদন্ত বোর্ডের প্রধান পীযূষ কুমার সাহা প্রথম আলোকে বলেন, শরীরে কিছু থেঁতলানো চিহ্ন ও গলায় রশি প্যাঁচানোর দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ইব্রাহীম আলীর ছেলে ইসমাঈল হোসেন প্রথম আলোকে বলেন, ১০-১২ দিন আগে চিকিৎসার জন্য তাঁর বাবা ঢাকায় যান। গত শুক্রবার সকালে তাঁর সঙ্গে মুঠোফোনে শেষ কথা হয়। এর পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পান পরিবারের লোকজন। তিনি বলেন, ‘রাজনৈতিক কারণে বাবাকে হত্যা করা হয়েছে। প্রতিপক্ষের লোকজন আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করতে পারেন।’পাবনা র‌্যাব-১২ ক্যাম্পের কমান্ডার মাসুদুর রহমান বলেন, এ ঘটনার সঙ্গে র‌্যাবের সম্পৃক্ততা নেই। দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিএনপি ও আওয়ামী লীগের বিবৃতি: বিএনপির নেতা হত্যার ঘটনায় পৃথক বিবৃতি দিয়েছে পাবনা জেলা বিএনপি ও আওয়ামী লীগ। জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম স্বাক্ষরিত ই-মেইলে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দাবি করা করা হয়, ইব্রাহীম মৃধাকে হত্যার জন্য পাবনা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এর আগে র‌্যাবকে চাপ দেওয়া হয়েছিল। র‌্যাব তাঁর গ্রামের বাড়িতে অভিযান চালালে গ্রামবাসীর প্রতিরোধের মুখে ব্যর্থ হয়ে ফিরে আসে। কয়েক মাস ধরেই ইব্রাহীম মৃধাকে হত্যার জন্য অপচেষ্টা চলছিল। আইনশৃঙ্খলা বাহিনীর ক্রমাগত অপচেষ্টার ঘটনায় দলের পক্ষ থেকে বিবৃতিও দেওয়া হয়েছিল। বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, সরকারের মদদেই তাঁকে হত্যা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে হরতালের বিষয়টি নিশ্চিত করে বলা হয়, পাবনা জেলা বিএনপি আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। গতকাল সন্ধ্যায় এই হরতালে সমর্থন দেয় জেলা জামায়াতে ইসলামী। দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক খোন্দকার। তিনি বলেন, ‘এ হত্যার সঙ্গে জামায়াত-শিবির জড়িত থাকতে পারে।’ এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।বিএনপির বিবৃতি: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইব্রাহীম মৃধা হত্যাকাণ্ডের নিন্দা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারি দলের নীলনকশা অনুযায়ী তাঁকে হত্যা করা হয়েছে। পাবনায় সরকারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে তাঁকে অনেক দিন ধরেই টার্গেট করা হয়েছিল। তাঁকে বাঁচাতে স্থানীয় প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।