পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর ভবানীপুর গ্রামের কমিউনিটি ক্লিনিকের ভবনটি দুই বছর আগে ভেঙে পড়ে। এর পর থেকে সেখানে কোনো চিকিৎসক বসেন না। ফলে ওই এলাকার পাঁচটি গ্রামের বাসিন্দাদের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে।পাঁচ গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বেশ কয়েকবার স্থানীয় জনপ্রতিনিধিসহ স্বাস্থ্য বিভাগকে জানানো হলেও ভবনটি মেরামত করা হয়নি। তাই স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। একটু জ্বর, সর্দির চিকিৎসা নিতে তাঁদের যেতে হয় ২০ কিলোমিটার দূরের হাসপাতালে।এলাকাবাসী জানান, দীর্ঘদিনের দাবির মুখে ১৯৯৮ সালে কমিউনিটি ক্লিনিকটি তৈরি করা হয়। এখান থেকে চিকিৎসা সেবা নিতে থাকেন পাঁচটি গ্রামের প্রায় চার হাজার মানুষ। একজন চিকিৎসক নিয়মিত তাঁদের চিকিৎসা পরামর্শ ও বিনা মূল্যে ওষুধ দিতেন। দুই বছর আগে বর্ষার পানির প্রবল স্রোতে ক্লিনিক ভবনটি ভেঙে পড়ে। সেই থেকে এখানে আর চিকিৎসক বসতে পারেন না। প্রথম প্রথম চিকিৎসক এসে গ্রামের কোনো বাড়িতে বসে সেবা দিতেন। কিছুদিন পর তাও বন্ধ হয়ে যায়। ফলে এখন তাঁদের চিকিৎসা পরামর্শ নিতে ছুটে যেতে হয় শহরে।কাবলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, ‘এই গ্রামগুলো শহর থেকে বিচ্ছিন্ন। ক্লিনিকটি তাঁদের খুব উপকারে আসত। কিন্তু এখন একটু অসুখ-বিসুখেই বহু কষ্ট করে সবাইকে শহরে যেতে হয়। আমরা অবিলম্বে এই ক্লিনিক ভবনটি পুনর্নির্মাণ ও চালুর দাবি জানাই।’এ প্রসঙ্গে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (পাবনা) সহকারী প্রকৌশলী জাকির হোসেন বলেন, ‘পুরোনো ভবনটি ভেঙে নতুন ভবন তৈরি করতে হবে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ এলে আমরা দ্রুত কাজটি করতে পারব।’পাবনার সিভিল সার্জন তাহসীন বেগম বলেন, ‘ইতিমধ্যেই ক্লিনিকটি পুনর্নির্মাণের জন্য আমরা প্রকল্প অফিসে চিঠি দিয়েছি। কিন্তু প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না আসায় ক্লিনিকটি নির্মাণ হচ্ছে না। তবে ওই এলাকার মানুষকে পাশের চর আশুতোষপুর ও চর শানিকদিয়ার এই দুটি কমিউনিটি ক্লিনিক থেকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।’