পাবনার সাঁথিয়া উপজেলার পুণ্ডুরিয়া গ্রামের পেঁয়াজচাষি মামুন মিয়া আধা বিঘা জমিতে এবার পেঁয়াজ চাষ করে মাত্র সাত মণ পেঁয়াজ পেয়েছেন। অথচ এই জমি থেকে গত বছর পেয়েছিলেন ২০ মণেরও বেশি। এ বছর পেঁয়াজ চাষ করে তিনি ফলনে যেমন মার খেয়েছেন, তেমনি মার খেয়েছেন দামেও। গত বছর পেঁয়াজ বিক্রি করেছিলেন ৭৫০ টাকা মণ দরে। অথচ এবার বিক্রি করতে পেরেছেন ৪৫০ টাকা মণ দরে। মামুন বলেন, ‘সব মিলায়া সাত হাজার টাকার ওপরে খরচ হয়া গ্যাছে। অথচ পিঁয়াজ বেইচ্যা হাতে পাইল্যাম তিন হাজার ২০০ টাকার মতো। এবার পিঁয়াজ চাষ করব্যার যায়া আমরা এক্কেরে শ্যাষ।’মামুন মিয়ার মতো একই অবস্থা পাবনার সাঁথিয়া ও সুজানগর উপজেলার বেশির ভাগ পেঁয়াজচাষির। অসময়ে বৃষ্টি হওয়ায় পেঁয়াজের ফলনে এবার বিপর্যয় দেখা দিয়েছে। এ ছাড়া অন্যান্য বছরের তুলনায় বাজারে এবার পেঁয়াজের দামও বেশ কম। সংশ্লিষ্ট ব্যক্তিদের সূত্রে জানা গেছে, পাবনার সুজানগর ও সাঁথিয়া উপজেলা দেশের প্রধান পেঁয়াজ উৎপাদনকারী এলাকা বলে পরিচিত। এ বছর সুজানগর উপজেলার ১২ হাজার হেক্টর জমিতে এবং সাঁথিয়া উপজেলার ১১ হাজার ৫০০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে।সরেজমিনে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার পেঁয়াজ চাষ করতে গিয়ে শুরুতেই হোঁচট খান চাষিরা। অসময়ে শিলাবৃষ্টি হওয়ায় এবার পেঁয়াজ চাষ শুরু করতে হয়েছে স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় এক মাস পর। ফলে পেঁয়াজের ফলন স্বাভাবিকের চেয়ে কিছুটা কম হয়েছে। তার পরও যতটুকু ফলন হয়েছিল, তা নিয়েই খুশি ছিলেন কৃষকেরা। কিন্তু জমি থেকে তাঁরা যে সময়ে পেঁয়াজ তুলতে যাবেন, সেই সময়ে অর্থাৎ ১৫ থেকে ২০ দিন ধরে প্রায়ই বৃষ্টি হওয়ায় ফলনে বিপর্যয় দেখা দিয়েছে। বিশেষ করে, নিচু এলাকার জমিতে বৃষ্টির পানি জমে যাওয়ায় যেসব জমির পেঁয়াজ পচে যেতে শুরু করেছে, সেসব জমিতে ফলন পাওয়া গেছে স্বাভাবিকের চেয়ে অর্ধেকেরও কম। এ ছাড়া শ্রমিক-সংকটের কারণেও জমি থেকে সময়মতো পেঁয়াজ তোলা যাচ্ছে না। শ্রমিক না পেয়ে অনেক এলাকায় পেঁয়াজচাষিরা স্ত্রী-কন্যাদের নিয়ে পেঁয়াজ তোলা শুরু করেছেন।গতকাল মঙ্গলবার সাঁথিয়া উপজেলার পুণ্ডুরিয়া গ্রামে গিয়ে দেখা গেছে, নজরুল ইসলাম স্ত্রী ও কন্যাকে নিয়ে কর্দমাক্ত জমি থেকে পেঁয়াজ তুলছেন। তিনি বলেন, ‘এমনিতেই এবার ফলন কম হইছে। তার উপর বৃষ্টিতে জমির পিঁয়াজ নষ্ট হয়া যাইত্যাছে। আমার এই জমির পিঁয়াজ কমপক্ষে সাত দিন আগে তোলা উচিত ছিল। কিন্তু কামলা না পাওয়ায় তুলব্যার পারি নাই।’ সুজানগর উপজেলার রাণীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৌফিক হাসান বলেন, ‘আমার ইউনিয়ন পেঁয়াজ উৎপাদনের জন্য বিখ্যাত। কিন্তু এবার এলাকার পেঁয়াজচাষিদের মুখে হাসি নেই। তাঁদের উৎপাদন খরচই উঠছে না।’এদিকে গতকাল সাঁথিয়া উপজেলার করমজা হাট ঘুরে দেখা গেছে, প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৮০ টাকা থেকে ৫২০ টাকার মধ্যে। হাটের পেঁয়াজ ব্যবসায়ী আমজাদ হোসেন জানান, গত বছর এই সময়ে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হয়েছিল ৭০০ থেকে ৮০০ টাকার মধ্যে। তিনি জানান, বৃষ্টিতে নষ্ট হবে ভেবে কৃষকেরা জমি থেকে একযোগে পেঁয়াজ তুলে বাজারে নিয়ে আসায় দাম কমে গেছে।সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হোসেন বলেন, ‘বৃষ্টির কারণে উপজেলার নিচু এলাকার জমিতে পেঁয়াজের ফলন কিছুটা কম হলেও উঁচু এলাকার জমিতে ফলন প্রায় স্বাভাবিক হয়েছে। তবে কৃষকেরা সঠিক সময়ে পেঁয়াজ তুলতে না পারায় তাঁদের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আর বাজারে পেঁয়াজের দাম এখন কম হলেও আমার বিশ্বাস, কয়েক দিন টানা রোদ হলেই দাম বেড়ে যাবে।’