পাবনার ফরিদপুরে ভাই-ভাইয়ের লড়াই
পাবনার ফরিদপুর পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলরের দুটি পদে ভাই-ভাই প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। গতকাল রোববার মনোনয়নপত্র বাছাই শেষে দুটি পদে পৃথক দুই ভাইয়ের মনোনয়নপত্র চূড়ান্ত হয়েছে।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বিএনপি থেকে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক। একই পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁর সহোদর এমদাদুল হক। অন্যদিকে ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান কাউন্সিলর ও বিএনপি নেতা মোকলেছুর রহমান। তাঁর বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন সহোদর ও আওয়ামী লীগ নেতা গোলাম জাকারিয়া।
এনামুল হক বলেন, ভাই মনোনয়নপত্র জমা দিলেও এখনো প্রত্যাহারের সময় রয়েছে।
মোকলেছুর রহমান বলেন, ‘আমার জনপ্রিয়তা আছে বলেই গতবার নির্বাচিত হয়েছিলাম। এলাকার মানুষ এবারও আমাকে চাইছে। তাই আমি মনোনয়নপত্র জমা দিয়েছি।’
ছোট ভাই গোলাম জাকারিয়া বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। তাই এলাকার উন্নয়ন করতে হলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়োজন। তাই এলাকাবাসী আমাকে প্রার্থী হিসাবে চায়। এ জন্য মনোনয়নপত্র জমা দিয়েছি।’