পাবনার মাজপাড়াকে বায়োগ্যাস ইউনিয়ন ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নকে বায়োগ্যাস ইউনিয়ন ঘোষণা করা হয়েছে। এ গ্যাস ব্যবহার করে রান্না করলে ধোঁয়া হবে না এবং পাতিল ও হাঁড়িতে কালিও পড়বে না। একই সঙ্গে পাওয়া যাবে জৈব সার। এই সার ব্যবহার করলে জমির উর্বরা শক্তি বাড়বে। বায়োগ্যাস সপ্তাহ-২০১০ উপলক্ষে আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর উচ্চবিদ্যালয় মাঠে গত শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস মাজপাড়া ইউনিয়নকে বায়োগ্যাস ইউনিয়ন ঘোষণা করেন। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে ইডকলের চেয়ারম্যান মোশারফ হোসাইন ভুঁইয়া সভাপতিত্ব করেন। বায়োগ্যাস প্লান্ট তৈরিতে ইডকল সহায়তা করেছে। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ইসলাম শরীফ জানান, উপজেলার মাজপাড়া ইউনিয়নে দেশের সবচেয়ে বেশি বায়োগ্যাস ব্যবহারকারী থাকায় এই ইউনিয়নকে ব্যায়োগ্যাস ইউনিয়ন ঘোষণা করা হলো। এ ইউনিয়নের ১০৫টি পরিবার এখন থেকে বায়োগ্যাসে রান্না করবে ও বাতি জ্বালাবে। শেষে ইউনিয়নের লোকজন গ্যাস তৈরির কাজে ব্যবহূত জৈব পদার্থ জৈব সার হিসেবে ব্যবহার করবে। ইউনিয়নের সব পরিবারকে বায়োগ্যাসের আওতায় আনার কাজ চলছে। এই প্লান্ট তৈরিতে ৩০ হাজার টাকা খরচ হয়। ইডকল এর মধ্যে নয় হাজার টাকা সরবরাহ করবে। বাকি টাকা সহযোগী বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান কিস্তির মাধ্যমে ঋণ হিসেবে দেবে।মাজপাড়া ইউনিয়নের একাধিক বায়োগ্যাস ব্যবহারকারী জানান, বায়োগ্যাস খুব সস্তা। পচনশীল যেকোনো জৈব পদার্থ যেমন গোবর, মুরগির বিষ্ঠা ইত্যাদি বায়ুশূন্য অবস্থায় রাখলে যে জ্বালানি গ্যাস হয় তাকে বায়োগ্যাস বলে। এই গ্যাস দিয়ে রান্নার পাশাপাশি বাতিও জ্বালানো যায়।বায়োগ্যাস ব্যবহারকারীরা আরও জানান, প্রতিটি বায়োগ্যাস প্লান্টের জন্য রান্নাঘরের পাশে ২০০ বর্গফুট খোলা জায়গার প্রয়োজন হয়। এই জায়গা গর্ত করে প্লান্ট তৈরি করা হয়। চারটি গরু অথবা ২০০টি মুরগির বিষ্ঠা হলেই প্রতিদিন একটি পরিবারের রান্না করতে গিয়ে যে পরিমাণ গ্যাসের প্রয়োজন হয়, সেই পরিমাণ গ্যাস উৎপাদন করা যায়।মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল গফুর বলেন, ‘আমরা ইউনিয়নের প্রতিটি পরিবারকে বায়োগ্যাসের মাধ্যমে রান্না ও অন্যান্য সুবিধার আওতায় আনার চেষ্টা করছি।’