পাবনার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গত মঙ্গলবার ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া থানার পুলিশের একটি দল আশুলিয়া বাজারের পাশের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে। রাশেদ হোসেন (৩৫) নামের ওই ব্যক্তি নিষিদ্ধঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি এমএলের (লাল পতাকা) আঞ্চলিক নেতা ছিলেন বলে পুলিশ জানায়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ বলেন, রাশেদকে ২০১০ সালে আতাইকুলা থানার একটি অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে সাঁথিয়া থানার একটি হত্যা মামলায় তাঁকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পর থেকেই তিনি পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে সাঁথিয়া ও আতাইকুলা থানায় হত্যা ও অস্ত্র আইনসহ বিভিন্ন অপরাধের আরও ছয়টি মামলা আছে।