পাবনার ৫০ ইউপি সচিবকে বদলির আদেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার নয়টি উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫০ জন সচিবকে একযোগে বদলির আদেশ তিন মাস স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। গত সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।
মন্ত্রিপরিষদের এক নির্দেশনার সূত্র ধরে গত ২৮ জুন পাবনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা জেলার ৯টি উপজেলার ৭৪টি ইউনিয়ন পরিষদের ৫০ জন সচিবকে একযোগে বদলি করে। সবাইকে ১৪ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এতে আপত্তি জানান সচিবেরা। বিষয়টি নিয়ে ২১ জুলাই প্রথম আলোয় ‘৫০ ইউপি সচিবকে একযোগে বদলি’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।
বদলির আদেশের পর ২৪ জুলাই ঈশ্বরদী উপজেলার পাকশী ইউপির সচিব মো. মিজানুর রহমান হাইকোর্টে একটি রিট আবেদন দাখিল করেন। মিজানুর রহমান বলেন, জেলা প্রশাসনে দেওয়া মন্ত্রিপরিষদের আদেশে বলা হয়েছে, যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী একই জায়গায় তিন বছরের অধিককাল রয়েছেন, তাঁদের বদলি করতে হবে। পাবনা জেলা প্রশাসন এই নির্দেশনাবলে জেলার ৫০ জন সচিবকে একযোগে বদলি করে। কিন্তু ইউপি সচিবেরা সরকারি কর্মচারী নন, তাঁরা স্থানীয় সরকারের কর্মচারী। তাঁদের বেতন রাজস্ব খাত থেকে দেওয়া হয় না। ইউপি সচিবদের বেতনের ২৫ শতাংশ ইউপির উন্নয়ন খাত ও ৭৫ শতাংশ সরকারের বাজেটের অনুন্নয়ন খাত থেকে দেওয়া হয়। ফলে মন্ত্রিপরিষদের নির্দেশনা তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
গত সোমবার শুনানি শেষে আদালত জেলা প্রশাসকের বদলির আদেশটি তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করেন। সেই সঙ্গে বদলির আদেশটি কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মে চার সপ্তাহের মধ্যে জেলা প্রশাসককে জবাব দিতে রুল জারি করেন।