পাবনাসাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে বন্ধুসভার মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ, লুটপাট, তাদের ওপর হামলা, নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে ও হামলাকারীদের বিচারের দাবিতে গত মঙ্গলবার ও গতকাল বুধবার ঠাকুরগাঁও, বাগেরহাট ও মুন্সিগঞ্জে মানববন্ধন করেছে প্রথম আলো বন্ধুসভা। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
পীরগঞ্জ (ঠাকুরগাঁও): বেলা সাড়ে ১১টার দিকে মানববন্ধনে বন্ধুসভার ৭০-৮০ জনসহ শতাধিক মানুষ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে এতে অংশ নেন পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মেহের এলাহী ও সম্পাদক জয়নাল আবেদীন, সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আবুল হাসনাত, সম্পাদক মোশাররফ হোসেন, উদীচীর সভাপতি দীপেন্দ্রনাথ রায়, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রফুল্ল কুমার রায়, সোলায়মান আলী প্রমুখ।
মংলা (বাগেরহাট): বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরের সামনে বন্ধুসভা সদস্যদের পাশাপাশি হিন্দু খ্রিষ্টান বৌদ্ধ ঐক্য পরিষদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুলসংখ্যক মানুষ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে যারা সংখ্যালঘুদের ওপর হামলা ও বাড়িঘরে আগুন দিচ্ছে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।
মুন্সিগঞ্জ: গত মঙ্গলবার শহরের শিল্পকলা একাডেমীসংলগ্ন সড়কে দুপুর সাড়ে ১২ টার দিকে মানববন্ধন হয়েছে। রুখো সংখ্যালঘু নির্যাতন, সাম্প্রদায়িক নির্যাতন ইত্যাদি বিভিন্ন স্লোগান-সংবলিত ফেস্টুন হাতে নিয়ে এতে বন্ধুসভার সদস্যসহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নেন।