পাবনায় অগ্নিদগ্ধে একজনের মৃত্যু

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের ডেঙ্গার গ্রামে গত সোমবার রাতে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে সিদ্দিকুর রহমান (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া আগুনে ভস্মীভূত হয়েছে পাঁচটি বাড়ির ১৫টি ঘর।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, বারবার খবর দেওয়া সত্ত্বে ফায়ার সার্ভিসের গাড়ি দেরিতে আসায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।
ওই গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার দিবাগত রাত দুইটার দিকে গ্রামের আবদুস সাত্তারের ঘরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন বিষয়টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পাবনা জেলা ইউনিট ও আটঘরিয়া থানার পুলিশকে জানান। কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে দেরি করে। পরে গ্রামের লোকজন প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে গ্রামের আবদুল কাদের, আবদুস সাত্তার, ইদ্রিস আলী, ফজলুর রহমান ও আবদুল বাসেদের বাড়ির ১৫টি ঘর ভস্মীভূত হয়। অগ্নিদগ্ধ হন আবদুল কাদেরের জামাতা সিদ্দিকুর রহমান। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুনে ভস্মীভূত হয়েছে ধান, চাল, পাট, আসবাব, টিভি, ফ্রিজ, টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার সম্পদ।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীকে সাহায্য করার চেষ্টা করেছি। আমাদের জানামতে, পথে ফায়ার সার্ভিসের গাড়ি বিকল হওয়ায় পৌঁছাতে দেরি হয়েছে। পরে গ্রামবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পাবনা স্টেশনের সহকারী পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই একটি গাড়ি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। পথে গাড়িটি নষ্ট হলে কিছুটা বিড়ম্বনার সৃষ্টি হয়। আমাদের কর্মীদের গাফিলতি ছিল না।’