পাবনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার
গ্রেপ্তার হওয়া তিন বাসশ্রমিকের মুক্তির দাবিতে পাবনা জেলায় আজ বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে শুরু হওয়া পরিবহন ধর্মঘট ছয় ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা পুলিশ ও প্রশাসনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা শেষে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ধর্মঘট প্রত্যাহারের এ ঘোষণা দেয়।
গতকাল বুধবার রাতে পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন জরুরি বৈঠক করে এ ধর্মঘটের ডাক দেয়।
জেলা শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, ১৪ মার্চ ভোরে ‘কাব্য পরিবহন’ নামের যাত্রীবাহী একটি কোচ ঢাকা থেকে পাবনায় আসার পথে ওই বাসের এক যাত্রীর আট লাখ টাকা খোয়া যায়। বিষয়টি তিনি পুলিশকে জানালে সিরাজগঞ্জের শাহজাদপুর বিসিক মোড় এলাকায় পুলিশ বাসের চালক রেজাউল হোসেন, সুপারভাইজার আবদুল মমিন ও হেলপার শাহিনকে আটক করে।
ওই যাত্রী টাঙ্গাইলের কালীহাতি থানায় একটি মামলা করেন। পরে পুলিশ আটক করা মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠায় ও রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। গতকাল আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এতে শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ হোসেন সকালে বলেছিলেন, ‘কারও টাকা হারানোর জন্য মোটরশ্রমিকেরা দায়ী হতে পারে না। অন্যায়ভাবে আমাদের তিন শ্রমিককে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাঁদের মুক্তি দাবি করি। অন্যথায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলবে।’
দুপুরে বৈঠক শেষে ফিরোজ হোসেন বলেন, ‘আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। তারা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। ফলে আমরা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’