পাবনায় অপহরণের পর ছাত্রদল নেতা খুন
পাবনার সাঁথিয়া উপজেলা থেকে অপহূত ছাত্রদল নেতা শফিকুল ইসলামের (৩৫) ক্ষতবিক্ষত লাশ পার্শ্ববর্তী বেড়া উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। শফিকুল পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্র সংসদের সাবেক সমাজকল্যাণ সম্পাদক ও সাঁথিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। গত শনিবার সন্ধ্যায় বেড়া উপজেলার যমুনা নদীতে তাঁর লাশ পাওয়া যায়। শফিকুলের মা সুফিয়া খাতুন গতকাল রোববার দুপুরে ১৬ জনকে আসামি করে সাঁথিয়া থানায় হত্যা মামলা করেছেন। আসামিরা হলেন সাঁথিয়া উপজেলার নন্দনপুর গ্রামের বাসিন্দা রওশন আলী, তাঁর ভাই আবদুল হালিম ও ছেলে বাবু, তাঁদের আত্মীয় রাশেদ, সালাউদ্দিন, রফিকুল, হামিদ, মিঠু, খুরশিদ, শামীম, হীরা, জাহিদুল, আবু সাইদ, আলম, কাদের ও মামুন। শফিকুলের পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, নন্দনপুর গ্রামের বাসিন্দা শফিকুলকে ১১ মে সন্ধ্যায় সাঁথিয়া বাজার থেকে কিছু লোক জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার সন্ধ্যায় বেড়া উপজেলার কাজিরহাট ফেরিঘাট এলাকায় যমুনা নদী থেকে পুলিশ শফিকুলের অর্ধগলিত লাশ উদ্ধার করে। পরে সাঁথিয়া পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়।এজাহারে বলা হয়েছে, ১০ মে বিকেলে নন্দনপুর বাজারে বিদ্যুৎ-সংযোগ দেওয়া নিয়ে রওশন আলী, তাঁর ভাই আবদুল আলিম ও ছেলে বাবুর সঙ্গে শফিকুলের তর্ক হয়। এ সময় রওশন আলী শফিকুলকে হত্যার হুমকি দেন। পরদিন সন্ধ্যায় শফিকুলকে সাঁথিয়া বাজার এলাকা থেকে আসামিরা একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় এবং অন্য কোথাও নিয়ে তাঁরা তাঁকে হত্যা করেন। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জিল্লুুর রহমান জানান, লাশের গায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।