পাবনায় অ্যানথ্রাক্সে শিশুর মৃত্যু, আক্রান্ত আরও ৩০
পাবনার ফরিদপুর উপজেলায় অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে এক শিশু মারা গেছে। এ এলাকায় এ রোগে আরও ৩০ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
উপজেলার বিএল বাড়ি ইউনিয়নের জন্তিহার গ্রামে গোলাম মোস্তফার ছেলে আলাউদ্দিন হোসেন (১২) গত শনিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। রোগাক্রান্ত দুটি গরুর মাংস থেকে এ সংক্রমণ ঘটে বলে জানিয়েছে স্থানীয় লোকজন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১০ জনকে ফরিদপুর ও ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর গ্রামের বিপ্লব হোসেন, জ্যোৎস্না খাতুন, ফরিদপুর উপজেলার জন্তিহার গ্রামের মন্টু মণ্ডল, ফারুক হোসেন, সুফিয়া খাতুন, ভবানীপুর গ্রামের বকুল হোসেন, ভাঙ্গুড়া উপজেলার বড়াল গ্রামের শাহজাহান আলী ও সাইফুল ইসলাম। ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন কাশিপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন ও পার জন্তিহার গ্রামের ওমর ফারুক।
আক্রান্ত মন্টু মণ্ডল বলেন, গত ৩০ মে উপজেলার জন্তিহার গ্রামে আবদুল কাদের ও সাইফুল ইসলাম নামে দুই চাষির দুটি গরু অসুস্থ হয়ে পড়ে। গরু দুটি জবাই করে স্থানীয় বাজারে মাংস বিক্রি করা হয়। আশপাশের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দা ওই মাংস কিনে খায়। পরদিন থেকে বিভিন্ন গ্রামের প্রায় ৩০ জন অসুস্থ হয়ে পড়েন। যাঁরা গরু কাটাকাটি ও মাংস তৈরির কাজের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁরা বেশি অসুস্থ হয়েছেন। মন্টু মণ্ডল নিজেও গরু কাটার কাজ করেছিলেন।
ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গোলাম সারওয়ার বলেন, গতকাল রোববার ঢাকা থেকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের চার সদস্যর একটি চিকিৎসক দল এলাকাটি পরিদর্শন করেছেন। তাঁরা আক্রান্ত ব্যক্তিদের বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক মিরজাদী সেব্রিনা প্রথম আলোকে বলেন, ‘আমাদের একটি অনুসন্ধান দল ঘটনাস্থলে গেছে। পরীক্ষার পর আমরা অ্যানথ্রাক্সের বিষয়টি নিশ্চিত হতে পারব।’ তিনি আরও বলেন, আক্রান্ত ব্যক্তিদের লক্ষণ দেখে অ্যানথ্রাক্স বলেই ধারণা করা হচ্ছে।
ফরিদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘আমরাও প্রাথমিকভাবে অ্যানথ্রাক্সের বিষয়টি নিশ্চিত হয়েছি। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’