পাবনায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ফরিদপুর উপজেলা সদরে আজ বুধবার আওয়ামী লীগ ও বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ ১৫ জন আহত হয়েছে।

এ ঘটনায় ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেনসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনকে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তাঁরা হলেন আনিস (৪০), কাদের প্রামাণিক (৫০), গৌতম (২৪), আরিফ (২৭), শাহীনুর রহমান (৩১), সুজন (১৮), রশিদ (৫০), কালু সর্দার (৩৫), রনি (২০), সাত্তার (৫০)। তাঁদের মধ্যে দুজন গুলিবিদ্ধ রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরে হরতালবিরোধী বিক্ষোভ মিছিল করে পৌরসভা মুক্তমঞ্চে সমাবেশে উপস্থিত হয় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় হরতালের পক্ষে একটি মিছিল নিয়ে মুক্তমঞ্চের সামনে দিয়ে যাওয়ার সময় বিএনপির নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ কয়েক দফা ফাঁকা গুলি, কাঁদানে গ্যাসের শেল ছোড়ে ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর থানার পরিদর্শক (তদন্ত) শামসুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে তাঁদের পাওয়া যায়নি।