পাবনায় আ.লীগ ও বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়া উপজেলার জুমাইখিরী গ্রামে গতকাল শুক্রবার আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় পাঁচটি বাড়ি ভাঙচুর ও দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। গত বুধবার অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত-সমর্থিত প্রার্থী জহুরুল ইসলামের কাছে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পরাজিত হন। এতে পরাজিত প্রার্থীর সমর্থকেরা ক্ষুব্ধ হন। গতকাল কে বা কারা জামায়াত-সমর্থিত এক ব্যক্তির খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়। এ নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। জহুরুল ইসলাম অভিযোগ করেন, শহীদুল ইসলামের ছোট ভাই মিজানুর রহমান ও দেবোত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিখিলের নেতৃত্বে হামলা হয়েছে।এ অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম
আটঘরিয়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।