পাবনায় আ.লীগ-জামায়াত সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া ঈদগাহ মাঠের কমিটি গঠন নিয়ে গতকাল শুক্রবার আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১২ জনকে ফরিদপুর ও ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী জানান, উপজেলার ফরিদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন দীর্ঘদিন ধরে বেড়হাউলিয়া ঈদগাহ মাঠ কমিটির সভাপতি হিসেবে আছেন। সম্প্রতি জামায়াত-সমর্থিত ফরিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম ওই কমিটি প্রত্যাখ্যান করে নতুন কমিটি গঠন করেন। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে মোক্তার হোসেন লোকজন নিয়ে ওই ঈদগাহ মাঠ সংস্কারে যান। এ সময় রবিউলের সমর্থকেরা বাধা দেন। বিষয়টি নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা হয়। পরে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের ১৫ জন আহত হন।ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত উদ্দিন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উত্তেজনা বিরাজ করায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।যোগাযোগ করা হলে ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম অভিযোগ করেন, পুরোনো কমিটি দীর্ঘদিন ধরে কোনো হিসাব-নিকাশ দেয় না। তাই নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির লোকজন ঈদগাহ মাঠে উন্নয়নের কাজ করতে গেলে আগের কমিটির লোকজন সংঘর্ষ বাধায়।অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের নেতা মোক্তার হোসেন দাবি করেন, ‘আমাদের কমিটি সঠিকভাবেই সব কাজ করছিল। ইউপি চেয়ারম্যান ঈর্ষান্বিত হয়ে নতুন কমিটি করেছেন। ফলে এই বিরোধের সৃষ্টি হয়েছে।’