পাবনায় আ.লীগের তিন কর্মীকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া বাজারে গতকাল শনিবার রাতে তিন আওয়ামী লীগ কর্মীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় আরও দুজন আহত হয়েছেন। স্থানীয় আওয়ামী লীগের দাবি, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার পিরপুর গ্রামের ফজলুর রহমান (৩৭), পুষ্পপাড়া গ্রামের আবদুস সালাম (৩৭) ও ধর্মগ্রামের সুলতান আহম্মেদ (৩৬)। এঁদের দুজন আওয়ামী লীগের ও একজন যুবলীগের কর্মী।
প্রত্যক্ষদর্শীরা জানান, আবদুস সালাম রাত সাড়ে আটটার দিকে বাজারের একটি দোকান থেকে ওষুধ কিনছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে ফজলুর রহমান ও সুলতান আহম্মেদ ঘটনাস্থলে আসেন। একপর্যায়ে এই তিনজনসহ স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা ওই ওষুধের দোকানের সামনে গল্প করছিলেন। হঠাৎ করে একদল সন্ত্রাসী এসে তাঁদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করে ও কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে মামুন হোসেন ও রফিকুল ইসলাম নামে আরও দুজন আহত হন। তাঁদের বাড়ি উপজেলার ধর্মগ্রামে। গুরুতর আহত অবস্থায় তাঁদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। ঘটনার কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।’
এ প্রসঙ্গে পাবনা-৫ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক খন্দকার প্রথম আলোকে বলেন, ‘নিহতরা সবাই আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী ছিলেন। কয়েক দিন পর পাবনায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সফরের কথা রয়েছে। এ বিষয়েই তাঁরা আলোচনা করছিলেন। বিএনপি-জামায়াতের সন্ত্রাসী বাহিনী তাঁদের ওপর অতর্কিত হামলা চালিয়ে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে। আমরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’