পাবনায় আগুনে কোটি টাকার কাপড় ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা শহরের একটি অভিজাত বিপণিবিতানে গতকাল বৃহস্পতিবার সকালে অগ্নিকাণ্ডে তিনটি কাপড়ের দোকান পুড়ে গেছে। এতে এক কোটি টাকার কাপড় পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল নয়টার দিকে বিপণিবিতানটির দ্বিতল ভবনের একটি বন্ধ থাকা দোকান থেকে প্রথমে ধোঁয়া বের হতে থাকে। কিছুক্ষণের মধ্যে ধোঁয়ার পরিমাণ বেড়ে গেলে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়। ফায়ার সার্ভিসের দলটি ঘটনাস্থলে পৌঁছার আগেই ধোঁয়া ভেদ করে আগুন ছড়াতে থাকে। এ সময় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর মধ্যেই তিনটি কাপড়ের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। পাবনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শফিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে পৌঁছার আগেই তিনটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।