পাবনায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু
পাবনা সদর উপজেলার ভবানীপুর গ্রামে অগ্নিদগ্ধ হয়ে এক শিশু মারা গেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় দুটি ঘর পুড়ে যায়। নিহত শিশুর নাম মিলিনা খাতুন (৩)। সে ওই গ্রামের মহির উদ্দিনের মেয়ে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে সাতটার দিকে মহির উদ্দিনের বাড়ির চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন বসতঘরে ছড়িয়ে পড়ে। এ সময় মহির উদ্দিনের পরিবারের সদস্যরা আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়লে মিলিনা বসতঘরে থেকে যায়। কিছুক্ষণের মধ্যে সে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ওই রাতেই মিলিনাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।মহির উদ্দিন জানান, সোমবার অগ্নিকাণ্ডের সময় তাঁর মেয়ে ঘরে ঘুমিয়েছিল। এ সময় তিনি ও তাঁর পরিবারের অন্য সদস্যরা ঘরের বাইরে ছিলেন। আগুন নেভানোর কাজে ব্যস্ত হয়ে পড়ায় মেয়েকে আর ঘর থেকে উদ্ধার করতে পারেননি। আগুনে তাঁর সবকিছু শেষ হয়ে গেছে। পাবনা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই শিশুটি অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। পরে গ্রামবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বাড়িটির দুটি ঘর পুড়ে গেছে।’