পাবনায় আজ সুচিত্রা স্মরণ

‘রমা ছিল অত্যাধুনিক, চলনে-বলনে, প্রতিটি আচরণে। স্কুলের সব অনুষ্ঠানে রমাই নেতৃত্ব দিত। নাচ-গান-আবৃত্তি-অভিনয়-এসবের জন্য বছরে তার পুরস্কার ছিল বাধা। আজ সে নেই, তবুও মনের আয়নায় দেখি ছোট্টবেলার সেই রমাকে।’
মহানায়িকা সুচিত্রা সেনের প্রয়াণ দিবসকে সামনে রেখে সম্প্রতি এসব কথা বলেন তাঁর একসময়ের সহপাঠী সারা আহমেদ।
সুচিত্রা সেনের প্রয়াণের এক বছর পূর্তি আজ ১৭ জানুয়ারি। দিবসটি উপলক্ষে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সন্ধ্যা ছয়টায় স্মরণসভা হবে। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ আয়োজিত এই স্মরণসভায় পাবনার সুধীজনেরা আলোচনা করবেন।
পাবনা পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম রজব আলীর মেয়ে সারা আহমেদ সুচিত্রা সেনের সহপাঠী। এখন রাজশাহীতে থাকেন। মুঠোফোনে সারা বলেন, ‘স্কুলের খাতায় ওর নাম ছিল কৃষ্ণা দাশগুপ্তা। ডাক নাম রমা।’ দিবানাথ সেনের সঙ্গে বিয়ের সুবাদে রমা সেন। এই নামেই চলচ্চিত্রে অভিষেক। পরের ছবিতে রমা হয়ে ওঠেন সুচিত্রা সেন।
পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে পৈতৃক বাড়িতে সুচিত্রার বেড়ে ওঠা। সেখানেই কাটান শৈশব-কৈশোর। ১৯৪৭ সালে পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী থাকাকালে রমার বিয়ে হয়। এর পর কলকাতায় থাকতেন। মাঝেমধ্যে পাবনায় আসতেন।