পাবনা জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষা ভণ্ডুলের ঘটনায় দ্রুত বিচার আইনের মামলায় গতকাল বুধবার আটজনের জামিন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে আদালত ১৭ আসামির জামিন আবারও নামঞ্জুর করেছেন।আদালত সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টায় কারাবন্দী ২৫ আসামিকে আদালতে হাজির করে জামিনের আবেদন করা হয়। দ্রুত বিচার আদালতের বিচারক পারভেজ শাহরিয়ার আটজনের জামিন মঞ্জুর করেন। অন্যদের আবারও কারাগারে পাঠানো হয়। আগামী ১ নভেম্বর শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।জামিন পাওয়া নেতা-কর্মীরা হলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান, বর্তমান সভাপতি আহম্মেদ শরীফ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহির হাসান, যুবলীগের নেতা শরীফ আনোয়ার, সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আলম, জেলা যুবলীগের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তরিকুল ইসলাম, যুবলীগের কর্মী হারুন বিশ্বাস ও আবদুল মজিদ। এ নিয়ে এ মামলার ১০ আসামির জামিন মঞ্জুর হলো।