পাবনায় আদালতে বিএনপির কর্মীদের হামলা, গ্রেপ্তার ২৩
পাবনা জেলা জজ আদালতে গতকাল বুধবার বিএনপির কর্মীরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছেন। এ সময় তাঁদের ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছেন। এ ছাড়া বিএনপির কর্মীদের বাধা দিতে গিয়ে আদালতের একজন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ও এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।এ ঘটনায় মুখ্য বিচারিক হাকিম আদালতের নাজির মো. মনিরুল ইসলাম বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ১১টার দিকে মুখ্য বিচারিক হাকিম আদালতে এজলাস চলছিল। বিএনপির একটি বিক্ষোভ মিছিল থেকে কিছু যুবক সেখানে হামলা চালান। হামলাকারীরা জেলা জজ আদালতের পুরোনো ভবনের দোতলায় উঠে লাইব্রেরি কক্ষ, জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-২, বিচারিক হাকিম আদালত-৩ ও ৪-এর এজলাস কক্ষের কাচের দরজা ও জানালা ভাঙচুর করেন। এ সময় তাঁদের ছুরিকাঘাতে মোহামঞ্চদ আলী (৩০) নামের এক যুবক আহত হন। মিছিলটি পাবনা পৌর এলাকার লাইব্রেরি বাজার এলাকা থেকে শহরের দিকে যাচ্ছিল।প্রত্যক্ষদর্শীরা আরও জানান, পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলে হামলায় এপিপি জহুরুল ইসলাম ও পুলিশ কনস্টেবল আল-আমিন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত জেলা জজ মো. শহীনুর রহমান বলেন, ‘ঘটনাটি আদালত অবমাননার শামিল। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, এটি বিচ্ছিন্ন ঘটনা। এর সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত উদ্দিন বলেন, এ ঘটনায় আহত যুবক ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।