পাবনায় আদিবাসীদের বরাদ্দের টাকা লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ফরিদপুরে আদিবাসী জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ও শিক্ষা-সহায়তা প্রকল্পের টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। উপজেলায় কোনো আদিবাসী না থাকলেও হিন্দুদের আদিবাসী সাজিয়ে কথিত আদিবাসী সমিতির মাধ্যমে টাকা উত্তোলন ও পরে তা কেড়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ।ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, গত অর্থবছরে উপজেলার আদিবাসী পরিবার ও শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে ১১ লাখ ৩৫ হাজার টাকা বরাদ্দ আসে। গত ২৮ জুন ইউএনওর তত্ত্বাবধানে কথিত আদিবাসীদের ১০ জনকে গাভি পালনের জন্য ১৮ হাজার টাকা, ১০ জনকে ছাগল পালনের জন্য আট হাজার টাকা ও ১০ জনকে ভ্যানগাড়ি ক্রয়ের জন্য আট হাজার টাকা করে সুদমুক্ত ঋণ দেওয়া হয়। কলেজ ও স্কুল পর্যায়ের ৭০ জন ছাত্রছাত্রীকে দুই হাজার ৪০০ টাকা এবং প্রাথমিক পর্যায়ের ৭৫ জন ছাত্রছাত্রীকে শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য এক হাজার টাকা করে শিক্ষা-সহায়তা দেওয়া হয়।অভিযোগ উঠেছে, উপজেলার কোথাও আদিবাসীর বসবাস না থাকলেও বুনাইনগর পাইলট বালক উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আশুতোষ কর্মকার ও কথিত ফরিদপুর আদিবাসী সমিতির সভানেত্রী অঞ্জলী রানী রাজবংশীর হিন্দু পরিবারগুলোকে আদিবাসী সাজিয়ে এ টাকা লুটপাট করা হয়েছে।ফরিদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিনুজ্জামান জানান, ২০১০ সালে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আদিবাসীদের তালিকা চাওয়া হয়েছিল। ওই বছরের ৩১ আগস্ট তৎকালীন ইউএনও অনিত কুমার কুণ্ডু এক চিঠিতে জানান, ফরিদপুরে কোনো আদিবাসী পরিবারের বসবাস নেই। কিন্তু একটি চক্র হিন্দু জনগোষ্ঠীকে আদিবাসী সাজিয়ে কথিত আদিবাসী সমিতির মাধ্যমে সরকারি অনুদানের অর্থ আত্মসাৎ করেছে। বিষয়টি ইউএনওকে জানানো হলে তিনি কোনো ব্যবস্থা নেননি।শিক্ষা উপকরণ ক্রয়ের টাকা নেওয়া ৭০ জন ছাত্রছাত্রীর অভিযোগ, ইউএনওর হাত থেকে তারা আনুষ্ঠানিকভাবে টাকা গ্রহণের কিছুক্ষণ পরেই আশুতোষ কর্মকার ও অঞ্জলী রানী রাজবংশী সেই টাকা কেড়ে নেন। উপজেলার ডেমরা হাজী জয়েনউল্লাহ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী সুমা রানী হালদার বলেন, ‘আমরা ২৪০০ করে টেকা পাইছিলাম। টিএনও স্যার টেকা দিয়ে চলে যাওয়ার পর অঞ্জলী আপা দুই হাজার টেকা লিয়ে গেছে। আমাগো রে ৪০০ টেকা করে দিছে।’উপজেলার ডেমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মওলা বলেন, ফরিদপুরে কোনো আদিবাসী শিক্ষার্থী নেই। তাঁর বিদ্যালয়ের ৪৫ জন হিন্দু ছাত্রছাত্রীকে আদিবাসী সাজিয়ে পরে তাদের দিয়ে শিক্ষা-সহায়তা বাবদ এক হাজার টাকা করে উত্তোলন করিয়ে অঞ্জলী রানী ৫০০ টাকা কেড়ে নেন। বিষয়টি তিনি ইউএনওকে জানিয়েছেন।ইউএনও ডি এম আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, অভিযোগটি তিনি পেয়েছেন। কিন্তু দুই দিন ছুটি থাকায় ব্যবস্থা নিতে পারেননি। শিগগির অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হবে। উপজেলায় আদিবাসী পরিবার প্রসঙ্গে তিনি বলেন, অনেক আগে থেকেই উপজেলায় একটি আদিবাসী সমিতি ছিল। সমিতি সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত। তাই আদিবাসী নেই, এটা বলা যাচ্ছে না। এই সমিতির সদস্যদেরই টাকা দেওয়া হয়েছে।এ প্রসঙ্গে অভিযুক্ত ও কথিত আদিবাসী সমিতির সভাপতি অঞ্জলী রানী রাজবংশী প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে টাকা পেতে অনেক খরচ করতে হয়েছে। তাই কিছু টাকা নেওয়া হতে পারে।’