পাবনায় আবদুস সুবহানের বিরুদ্ধে অভিযোগ গঠন
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা আবদুস সুবহানের বিরুদ্ধে পাবনার একটি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। এ মামলায় তাঁর জামিন আবেদনও নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে আগামী ২১ জুন মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে পাবনার আমলি আদালত-১–এর বিচারক ও অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. রেজাউল করিম শুনানি শেষে এ আদেশ দেন। এদিন কঠোর নিরাপত্তাবলয়ের মধ্যে আবদুস সুবহানকে আদালতে হাজির করা হয়।
আদালত সূত্রে জানা যায়, অভিযোগ গঠনের নির্ধারিত দিন থাকায় বেলা একটার দিকে আবদুস সুবহানকে পাবনার আমলি আদালত-১–এ হাজির করা হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবী আবদুস সুবহানের জামিন আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠন করে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২১ জুন দিন ধার্য করেন।
পুলিশ জানায়, মামলায় হাজিরার জন্য ৮ এপ্রিল সুবহানকে ঢাকা থেকে পাবনা জেলা কারাগারে আনা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত সরকারি কৌঁসুলি আবদুল আহাদ বাবু বলেন, ‘২০০৩ সালের ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় আবদুস সুবহান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন। সে সময় তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকায় প্রভাব খাটিয়ে মামলা করতে দেননি। তাই ঘটনার নয় বছর পর বাদী মামলা করেন। সুবহানের বিরুদ্ধে আনীত অভিযোগ আমরা প্রমাণ করতে পেরেছি। তাই আদালত তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।’
আসামিপক্ষের আইনজীবী মাসুদ খন্দকার বলেন, ‘মামলার এজাহারে ও চার্জশিটে কোথাও উল্লেখ নেই যে আবদুস সুবহান হামলার সঙ্গে জড়িত বা কোনো অভিযোগে অভিযুক্ত। এ ছাড়া ঘটনার বিবরণও স্পষ্ট নয়। সে কারণে আমরা বলেছিলাম, তাঁকে এই মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হোক। পাশাপাশি আমরা তাঁর জামিন আবেদনও করেছিলাম। কিন্তু আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। এখন আমরা উচ্চ আদালতের আশ্রয় নেব।’