পাবনায় আবার চরমপন্থীরা সংগঠিত হচ্ছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিলেন আকলিমা খাতুন। কোলে ছোট ছেলে আবির। পাশে দাঁড়িয়ে বড় মেয়ে অন্তরা আক্তার ও মধ্যমা খাদিজা আক্তার। টিনের বেড়া, টিনের ছাউনি৷ এক ঘরেই সংসার। আতাইকুলা উপজেলার পীরগাছা গ্রাম। বাড়ির কর্তা আবদুস সালাম খুন হয়েছেন গত ৩১ মে, আতাইকুলার পুষ্পপাড়া বাজারের আলোচিত চার খুনের ঘটনায়।
সালাম করাতকলের শ্রমিক। কারও সাতপাঁচে নেই। ছেলের জ্বর। ওষুধ আনতে গিয়েছিলেন পুষ্পপাড়া বাজারে। ওষুধের দোকানের সামনে এলোপাতাড়ি গুলির মধ্যে পড়ে সেখানেই তিনি প্রাণ হারান। জমিজমা কিছু নেই। একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে পথে বসেছে পরিবারটি।
গতকাল মঙ্গলবার দুপুরে আকলিমা যখন তাঁদের দুঃখের কথা বলছিলেন, তখন শোকে স্তব্ধ বড় মেয়েটি মূর্ছা গেল৷ বাবাকে হারানোর পর থেকে প্রায়ই এ অবস্থা হচ্ছে সপ্তম শ্রেণিতে পড়া মেয়েটির৷ সামনেই তার পরীক্ষা। কেমন করে সে পরীক্ষা দেবে, এ নিয়ে দুশ্চিতায় আছেন আকলিমা।
আতাইকুলার চার খুনের ঘটনায় পাবনা শহর এখন উত্তপ্ত বলা যায়। প্রতিদিন সকাল-বিকেল আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করছে৷ তাদের দাবি, নিহত চারজনই তাদের দলের।
গতকাল সরেজমিনে নিহত ব্যক্তিদের পরিবারগুলোর কাছ থেকে জানা গেল, দুজন সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। করাতকলের শ্রমিক আবদুস সালাম (৪৫) রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না। অন্যজন ধর্মপাড়া গ্রামের রফিকুল ইসলাম ওরফে কালু (২৫) নতুনপাড়ায় একটি সেলুনে চুল কাটার কাজ করতেন। তিনিও গোলাগুলির মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন। পরের দিন হাসপাতালে মারা যান। রফিকুল ইসলাম বিয়ে করেছেন বছর পাঁচেক আগে। স্ত্রী হীরা চার বছরের ছেলে সজলকে নিয়ে দিশেহারা।
রাজনীতিতে সক্রিয় ছিলেন ফজলুল হক ও সুলতান আহমেদ সিকদার। তাঁদের উভয়েরই বাড়ি ধর্মগ্রােম। ফজলুল হক থানা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক। তবে তিনি এলাকায় থাকতেন না। বছর সাতেক ধরে ঢাকায় একটি পোশাক কারখানার শ্রমিক। বছরে দু-তিনবার ছুটিতে এলাকায় আসেন। উপজেলা নির্বাচনের সময় এসে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে মিছিল-মিটিং করেছেন। সর্বশেষ এসেছিলেন খুন হওয়ার নয় দিন আগে। চার পরিবারের মধ্যে এই পরিবারটিই সবচেয়ে নিঃস্ব। বসতবাড়ির জায়গা পর্যন্ত নেই, অন্যের জায়গায় ঘর তুলে থাকে।
ফজলুল হকের মা পাঁচতোলা বেগম বিলাপ করে বলছিলেন, ‘আমার ঘর ভরা শুধু এতিম ছেলেমেয়ে। বড় ছেলে মজনু ও তার স্ত্রী মারা গেছে তিন ছেলেমেয়ে রেখে। এখন ফজলুও মারা গেল তিন ছেলেমেয়ে রেখে।’ মজনুর বড় ছেলে জয়নাল আবেদিন পুষ্পপাড়া হাটে চায়ের দোকান করেন। এই যুবকের ওপরই এখন নির্ভরশীল ছয় এতিম ছেলেমেয়েসহ আটজনের সংসার।
এই তিনটি পরিবারের কেউই থানায় মামলা করেননি। মামলা করার ইচ্ছাও তাঁদের নেই। একমাত্র মামলাটি করেছেন সুলতানের চাচাতো ভাই জহুরুল ইসলাম সিকদার। তবে মামলা করে বিপদে আছেন তাঁরা৷ বাড়িতে থাকতে পারছেন না।
গতকাল সুলতানের বাড়িতে গিয়ে কোনো পুরুষ মানুষকে পাওয়া যায়নি। দুপুরে জহুরুলের সঙ্গে কথা হয়েছিল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে। তিনি জানালেন, টেলিফোনে তাঁদের মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এ জন্য তাঁরা পালিয়ে থাকছেন।
ঘটনাস্থল পু্ষ্পপাড়া বাজারে গিয়ে দেখা যায়, অধিকাংশ দোকানপাট এখনো বন্ধ৷ যে চায়ের দোকানের সামনে ঘটনাটি ঘটেছিল, সেই চা বিক্রেতা মো. মহসীন জানান, মাগরিব নামাজের খানিক পরে সুলতান মোটরসাইকেল নিয়ে তাঁর দোকানের সামনে আসেন৷ এর পরপরই মো. মজনু, ফজলুল হক, মামুনসহ আরও কয়েকজন তাঁর দোকানে এসে চায়ের ফরমাশ দেন। চা পান করে যখন তাঁরা চলে যাচ্ছিলেন, এ সময় দোকানের সামনে একটি বোমা বিস্ফোরিত হয়৷ এলাকাটি অন্ধকারাচ্ছন্ন ছিল। এরপরই দোকানের সামনে ও পেছনে ওষুধের দোকানের দিক থেকে শুরু হয় তুমুল গুলিবর্ষণ। লোকজন ছোটাছুটি শুরু করে৷ সুলতান দৌড়ে প্রায় দেড় শ গজ দূরে চলে যান। হামলাকারীরা তাঁর পিছু ধাওয়া করে ঢাকা-পাবনা মহাসড়কের ওপরে তাঁকে গুলি করে হত্যা করে৷
ঝটিকা আক্রমণের পর মিনিট দশেকের মধ্যেই হামলাকারীরা এলাকা ছেড়ে চলে যায়। সুলতান আহমেদ সিকদার, ফজলুল হক ও আবদুস সালামের লাশ পড়ে ছিল বাজারের বিভিন্ন স্থানে। আহত হয়ে পড়েছিলেন রফিকুল ইসলাম ও মামুন হোসেন। পরে স্থানীয় লোকজন তাঁদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতেই তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷ পরদিন রফিকুল মারা যান। মামুনের অবস্থা এখনো গুরুতর।
সুলতান আহমেদ ছিলেন আতাইকুলা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। এলাকাটি জামায়াত-বিএনপি অধ্যুষিত। এখানে আওয়ামী লীগ কিছুটা কোণঠাসা ছিল। স্থানীয় গয়েশপুর ইউপি চেয়ারম্যান বিএনপির নেতা ইব্রাহিম আলী মৃধা গত বছর ১০ মে নিহত হলে এ এলাকায় বিএনপি-জামায়াত জোটের প্রভাব কিছুটা কমে আসে৷ এই সুযোগে আওয়ামী লীগ

প্রভাব বিস্তারের চেষ্টা শুরু করে৷ বিএনপির মাঠপর্যায়ের কিছু কর্মী আওয়ামী লীগে যোগ দেন৷ পেশায় ছোট ব্যবসায়ী সুলতান আহমেদ ছিলেন তাঁদের অন্যতম। তিনি পুষ্পপাড়ায় আওয়ামী লীগের সংগঠন েগাছানোর কাজ করছিলেন। এ নিয়ে সুলতানের সঙ্গে স্থানীয় বিএনপি-জামায়াতের একটি অংশের দ্বন্দ্ব সৃষ্টি হয়৷ এরই জের ধরে এই হামলা হয়েছে বলে স্থানীয় লোকজনের অনুমান।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনার সঙ্গে বিএনপি-জামায়াতের কোনো সম্পর্ক নেই। পুষ্পপাড়া হাটের নিয়ন্ত্রণ নিয়ে চরমপন্থীদের দুই পক্ষের বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে আমরা শুনেছি।’
এই হামলার সঙ্গে চরমপন্থীদের জড়িত থাকারও অভিযোগ উঠেছে। ভুক্তভোগীসহ স্থানীয় একাধিক সূত্র জানায়, এলাকার চরমপন্থীদের একটি অংশ এখন বিএনপি-জামায়াতের ছত্রচ্ছায়ায় রয়েছে। প্রকাশ্যে তারা বিএনপি-জামায়াতের কর্মী বলে পরিচয় দেয়। গোপনে চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। এই হত্যাকাণ্ডটি তাদেরই কাজ বলে তারা মনে করছে৷
স্থানীয় পুলিশেরও তা-ই অনুমান। পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা বিষটিকে ঠিক রাজনৈতিকভাবে দেখছি না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুষ্পপাড়া হাটের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ২০১২ সাল থেকে বিধিবদ্ধভাবে এই হাটের কোনো ইজারা দেওয়া হয়নি।’ তিনি বলেন, হত্যার ঘটনায় চরমপন্থীরা জড়িত থাকতে পারে। এ ঘটনার আগে পর্যন্ত চরমপন্থীদের তেমন কোনো তৎপরতা ছিল না। নানা কারণে তাদের চেইন অব কমান্ড ভেঙে যায়। তবে এই ঘটনা থেকে মনে হয়, তারা আবার এলাকাভিত্তিক ছোট ছোট দলে সংগঠিত হচ্ছে। পুলিশ এদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে।
এদিকে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আক্কাস নামে এজাহারভুক্ত আরও একজনকে গতকাল টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগের দিনে গ্রেপ্তার করা হয়েছিল মো. ইউনুসকে। আতাইকুলা থানার উপপরিদর্শক তদন্তকারী কর্মকর্তা মনিরুজ্জামান জানান, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷
নিহত ব্যক্তিদের প্রতিটি পরিবারকে এক লাখ করে টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক খন্দকার। তিনি গত সোমবার নিহত ব্যক্তিদের বাড়িতে গিয়ে এই ঘোষণা দেন।