পাবনায় আরও চারজন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত
পাবনার ফরিদপুর উপজেলার কেনাই গ্রামে তিনজন ও দিয়ারপাড়া গ্রামে আরও একজন অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের একদল চিকিৎসক তাঁদের শনাক্ত করেন। আক্রান্ত ব্যক্তিরা হলেন নাসরিন আক্তার, হোসনেয়ারা খাতুন, ডলি খাতুন ও ইমরান হোসেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৯ জুন কেনাই গ্রামের মো. জয়েন প্রামাণিকের একটি গরু অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী গরুটি জবাই করেন। যাঁরা গরুটির মাংস কেটেছেন, পরে তাঁদের শরীরে পচন দেখা দেয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘গত রোববার আমরা ১০ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগী শনাক্ত করি। পরে নতুন চারজন রোগীকে শনাক্ত করা হয়। একই গরু থেকে এই ১৪ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’ তিনি বলেন, এলাকার মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং, প্রচারপত্র বিতরণ ও প্রচারণা চালানো হচ্ছে।আক্রান্ত নতুন চারজনসহ পাবনার দুই উপজেলায় অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩১ জনে।