পাবনায় আরও দশ অ্যানথ্রাক্স রোগী শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ফরিদপুর উপজেলার পুঙ্গুলি ইউনিয়নের কেনাই গ্রামে ১০ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি চিকিৎসা দল ওই গ্রামে গিয়ে তাঁদের শনাক্ত করে।আক্রান্ত ব্যক্তিরা হলেন, রঞ্জু জামান (৩০), আবদুর রহিম (১২), আলেফ মৃধা (৫০), আরিফ মৃধা (৩০), মামুন হোসেন (১৫), হাসি খাতুন (২৪), নাসিমা খাতুন (২৫), মীম আক্তার (১০), হামিদা খাতুন (৫০) ও বন্যা খাতুন (১০)। এ নিয়ে পাবনার সাঁথিয়া ও ফরিদপুর উপজেলায় অ্যানথ্রাক্সে আক্রান্ত মানুষের সংখ্যা ২৭ জনে দাঁড়াল।গ্রামবাসী জানায়, গত বৃহস্পতিবার গ্রামের জয়েন প্রামাণিকের একটি গরু অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী সেটি জবাই করেন। ওই গরুর মাংস কাটাকাটির সঙ্গে জড়িত ব্যক্তিদের অনেকের শরীরে ক্ষত দেখা দিলে গ্রামবাসী বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানান।ফরিদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খলিলুর রহমান বলেন, প্রাথমিক পরীক্ষায় ১০ জনকে অ্যানথ্রাক্সে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কয়েক দিনের মধ্যে তাঁরা সুস্থ হয়ে যাবেন।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ওই এলাকার গবাদিপশুকে অ্যানথ্রাক্সের ভ্যাকসিন দেওয়া হয়েছিল। তার পরও অ্যানথ্রাক্স দেখা দেওয়ায় নতুন করে এলাকাটি পর্যবেক্ষণ করা হচ্ছে। গত ১৪ মে সাঁথিয়া উপজেলার বড় পাথাইলহাট গ্রামে প্রথম পাঁচজন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত হয়। পরে ফরিদপুর উপজেলার রাউত নাগদাপাড়া গ্রামে আরও ১২ জন রোগী শনাক্ত হয়।