পাবনায় আসন হাতছাড়ার আশঙ্কা জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবু সাইয়িদ ও শিমুল বিশ্বাস
আবু সাইয়িদ ও শিমুল বিশ্বাস

পাবনা-১ (সাঁথিয়া ও বেড়ার একাংশ) ও পাবনা-৫ (সদর) আসন দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতার দখলে ছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও আসন দুটিতে নিজেদের প্রার্থী মনোনয়ন পাবেন বলে আশা করছিলেন দলটির নেতা-কর্মীরা। কিন্তু পাবনা-৫ আসনে মনোনয়নের চিঠি পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। গতকাল বুধবার তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অন্যদিকে গত সোমবার আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরামে যোগ দিয়ে পাবনা-১ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গতকাল তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। অবশ্য এই আসনে গতকাল বিএনপি থেকে সালাউদ্দিন খান নামের একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এতে দুটি আসনই জামায়াতের হাতছাড়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

গতকাল পাবনা-১ আসনে বেড়া উপজেলা জামায়াতের আমির আবদুল বাসেত খান, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে জেলা জামায়াতের আমির আবু তালেব মণ্ডল ও পাবনা-৫ আসনে (সদর) জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসাইন দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। অপরদিকে পাবনা-১ আসনে জামায়াতের বিদ্রোহী প্রার্থী হিসেবে মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিএনপি ও জামায়াতের নেতা-কর্মী এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পাবনা-১ আসনে দীর্ঘদিন ধরেই জামায়াত শক্ত অবস্থানে ছিল। ১৯৯১ সালের নির্বাচনে মতিউর রহমান নিজামী এই আসনে বিজয়ী হন। ১৯৯৬ সালে জামায়াতের শক্ত অবস্থানে প্রথম ধাক্কা দেন আওয়ামী লীগ থেকে অধ্যাপক আবু সাইয়িদ। কিন্তু ২০০১ সালের নির্বাচনে আবার জয়লাভ করেন নিজামী। ২০০৮ সালে দ্বিতীয় ধাক্কা দেন আওয়ামী লীগের অপর নেতা শামসুল হক। ফলে আসনটিতে জামায়াতের অবস্থান নষ্ট হতে থাকে। এরপর মানবতাবিরোধী অপরাধের দায়ে মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হওয়ার পর আসনটিতে জামায়াত কোণঠাসা হয়ে পড়ে।

এদিকে পাবনা-৫ আসনে জামায়াতের নেতা আবদুস সুবহান বেশ কয়েকবার নির্বাচন করলেও অবস্থান তৈরি করতে পারছিলেন না। ১৯৯৬ সালে আসনটিতে নির্বাচিত হন জেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বকুল। ২০০০ সালে তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেলে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে আসনটিতে শক্ত অবস্থান তৈরি করেন আবদুস সুবহান। ২০০১ সালের নির্বাচনে তিনি বিজয়ী হন। বর্তমানে তিনি মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। আসন্ন নির্বাচনে বিএনপির হয়ে নির্বাচন করছেন শামসুর রহমান শিমুল বিশ্বাস।

জেলা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক আবিদ হাসান প্রথম আলোকে বলেন, এই জেলার তিনটি আসনে তাঁদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা আশা করছেন, তিনটি আসনেই বিএনপি জোট থেকে তাঁদের প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হবে এবং তাঁরা তাঁদের দাবির প্রতি অনড় আছেন।

আর পাবনা জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, পাবনা-৫ আসন বিএনপিরই ছিল। আগে জোটের কারণে জামায়াতকে ছাড় দেওয়া হয়। তবে এবার দলের প্রত্যেক নেতা-কর্মী শিমুল বিশ্বাসকে প্রার্থী হিসেবে চাচ্ছিলেন। তাঁর মনোনয়নপ্রাপ্তিতে সবাই খুশি। তবে পাবনা-১ আসনে অধ্যাপক আবু সাইয়িদ গণফোরামে যোগ দেওয়ায় নতুন সমীকরণ তৈরি হয়েছে। তিনি বলেন, কোনো আসনই এখনো পর্যন্ত জামায়াতকে দেওয়া হয়নি।